


জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে সোমবার (২৬ জানুয়ারি) দেশের বিভিন্ন স্থানে নির্দিষ্ট সময়ের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার একাধিক এলাকায় টানা সাত ঘণ্টা গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
রবিবার (২৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আওতাধীন বিজেস্বর, ভাদুঘর, কাউতলী, পাইকপাড়া, মেড্ডা, নাটাই, গোকর্ণঘাট, বিরাসার, ঘাটুরা এবং আশপাশের এলাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্যাস লাইনের জরুরি মেরামত ও নিরাপত্তা নিশ্চিত করতে এই সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে বিকেল ৫টার পর পর্যায়ক্রমে পুনরায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।
গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের রান্নাবান্না ও দৈনন্দিন কাজে সাময়িক ভোগান্তির আশঙ্কা রয়েছে। এ জন্য আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং সকলের সহযোগিতা কামনা করেছে।