Date: February 10, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / খেলাধুলা / কোপা আমেরিকা ফুটসাল: আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতল ব্রাজিল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কোপা আমেরিকা ফুটসাল: আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতল ব্রাজিল

February 02, 2026 07:27:25 PM   ক্রীড়া ডেস্ক
কোপা আমেরিকা ফুটসাল: আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতল ব্রাজিল

কোপা আমেরিকা ফুটসালের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড ১২তম শিরোপা জিতেছে ব্রাজিল। রোমাঞ্চকর এই শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হয় সোমবার (২ ফেব্রুয়ারি) প্যারাগুয়ের অলিম্পিক কমিটির (সিওপি) অস্কার হ্যারিসন স্টেডিয়ামে।


ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। বলের দখল ও গতিময় আক্রমণে তারা প্রথমার্ধেই আধিপত্য বিস্তার করে। এর ফল মেলে প্রথমার্ধের মাঝামাঝি সময়ে। রাশিয়ার ক্লাব ক্রাসনোদারের হয়ে খেলা জোয়াও ভিক্টর দুর্দান্ত নৈপুণ্যে দুই আর্জেন্টাইন ডিফেন্ডারকে কাটিয়ে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন।


গোল হজমের পর আর্জেন্টিনা ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে। তবে ব্রাজিলের শক্তিশালী রক্ষণভাগ ও গোলরক্ষক মাতেউস তাদের পথে বড় বাধা হয়ে দাঁড়ান। মাতিয়াস রোসা ও কেভিন আরিয়েতার নেওয়া একাধিক নিশ্চিত গোলের সুযোগ দারুণ দক্ষতায় রুখে দেন তিনি। আর্জেন্টিনার চাপ সামলাতে গিয়ে আলবিসেলেস্তেরা একের পর এক ফাউল করতে বাধ্য হয়।
ম্যাচের নির্ধারিত সময়ের শেষ দুই মিনিটে এসে অবশেষে সমতার দেখা পায় আর্জেন্টিনা। মাতিয়াস রোসার গোলে স্কোরলাইন ১–১ হলে মনে হচ্ছিল ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়াতে যাচ্ছে। গ্যালারিতে তখন শিরোপার স্বপ্ন দেখতে শুরু করে আর্জেন্টিনা শিবির।


কিন্তু সেই স্বপ্ন বেশিক্ষণ টেকেনি। সমতাসূচক গোলের মাত্র এক মিনিটের মধ্যেই বার্সেলোনার খেলোয়াড় দিয়েগো হেনরিক গুরুত্বপূর্ণ গোলটি করে ব্রাজিলকে ২–১ ব্যবধানে এগিয়ে দেন। শেষ মুহূর্তে আর ঘুরে দাঁড়াতে পারেনি আর্জেন্টিনা।
এই জয়ের মাধ্যমে কোপা আমেরিকা ফুটসালের ইতিহাসে সবচেয়ে সফল দল হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করল ব্রাজিল। আর্জেন্টিনার বিপক্ষে আরেকটি ফাইনাল জিতে তারা নিশ্চিত করল রেকর্ড ১২তম শিরোপা। অন্যদিকে, আর্জেন্টিনা এখন পর্যন্ত তিনবার এই প্রতিযোগিতার শিরোপা জিতেছে।
এবারের কোপা আমেরিকার ১৫তম আসরে তৃতীয় স্থান অর্জন করেছে পেরু।