


রাজধানীর হাতিরঝিলে ঢাকা–১৭ আসনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে জ্ঞান ও সমতাভিত্তিক রাষ্ট্র গড়ার অঙ্গীকার করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ নাগরিক সমাবেশে তিনি বিএনপির ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা তুলে ধরার পাশাপাশি ভোটারদের বিভিন্ন সমস্যা ও সংকটের কথাও শোনেন।
বুধবার হাতিরঝিলের এম্পিথিয়েটারে আয়োজিত এ ব্যতিক্রমী সমাবেশে ঢাকা–১৭ আসনের নানা পেশার মানুষ অংশ নেন। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এ মতবিনিময় সভার প্রধান আকর্ষণ ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান। সভায় অংশ নেওয়া ভোটাররা তাঁদের দৈনন্দিন সমস্যা, কর্মসংস্থান, আবাসন ও জীবনমানসংক্রান্ত নানা সংকটের কথা তুলে ধরেন। জবাবে ডা. জুবাইদা রহমান বিএনপির পক্ষ থেকে সেসব সমস্যার বাস্তবসম্মত সমাধানের আশ্বাস দেন।
তিনি বলেন, দেশের সমস্যার পরিমাণ যতই বড় হোক না কেন, সঠিক ও সুষ্ঠু পরিকল্পনা থাকলে তার সমাধান সম্ভব। বিএনপি সেই পরিকল্পনাভিত্তিক রাজনীতিতেই বিশ্বাস করে। তিনি জানান, দলটি এমন একটি রাষ্ট্র গড়তে চায় যেখানে মেধাভিত্তিক চাকরির সুযোগ নিশ্চিত হবে, যোগ্যতার যথাযথ সম্মান থাকবে, শ্রমজীবী মানুষের অধিকার সুরক্ষিত হবে এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। শোষণ নয়, বরং অধিকার নিশ্চিত করাই হবে ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থার মূল লক্ষ্য।
আবেগঘন কণ্ঠে তিনি বলেন, বিএনপি এমন এক রাজনীতিতে বিশ্বাস করে যেখানে ব্যক্তি বা ক্ষমতা নয়, দেশের স্বার্থই সর্বাগ্রে থাকে। “আমরা বিশ্বাস করি—আমার আগে আমরা, আমাদের আগে দেশ; ক্ষমতার আগে জনতা এবং সবার আগে বাংলাদেশ,”—বলেন তিনি।
দেশ গড়ার কাজে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, এখন দেশের জন্য গৌরবের নতুন সূর্যোদয়ের সময়। তিনি উপস্থিত নাগরিকদের দেওয়া পরামর্শ ও অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়েছে বলে জানান এবং সেসব বিবেচনায় নিয়ে দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও রূপরেখা তৈরি করা হচ্ছে বলেও উল্লেখ করেন।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, তারেক রহমান গত ১৭ বছরের নির্বাসিত জীবনে দেশ পরিচালনার জন্য বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন করেছেন। তিনি দাবি করেন, ক্ষমতায় গেলে বিএনপি জনগণের প্রত্যাশার চেয়েও বেশি কাজ করবে।
শ্রমিক কল্যাণ নিয়ে তিনি বলেন, নারী শ্রমিকদের জন্য নিরাপদ আবাসন ও যাতায়াতের ব্যবস্থা করা হবে। প্রতি দুই বছর অন্তর শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের জন্য একটি কমিশন কাজ করবে। বস্তিবাসীদের জীবনমান উন্নয়নে স্থায়ী দালান ও পরিকল্পিত আবাসন নিশ্চিত করার কথাও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে জানানো হয়, আগামী শুক্রবার বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে। এতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সমস্যা চিহ্নিত করে তা সমাধানের সুনির্দিষ্ট দিকনির্দেশনা থাকবে।
অধ্যাপক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।