Date: February 10, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / জামায়াতের সঙ্গ ছাড়ার কারণ স্পষ্ট করলেন চরমোনাই পীর - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জামায়াতের সঙ্গ ছাড়ার কারণ স্পষ্ট করলেন চরমোনাই পীর

February 04, 2026 10:13:00 PM   অনলাইন ডেস্ক
জামায়াতের সঙ্গ ছাড়ার কারণ স্পষ্ট করলেন চরমোনাই পীর

জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পেছনের কারণ স্পষ্ট করে ব্যাখ্যা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, যিনি চরমোনাই পীর নামে পরিচিত। তিনি জানিয়েছেন, শুরুতে তারা জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যোগ দেননি; বরং আটটি দলের একটি সমঝোতায় অংশ নিয়েছিলেন। তার ভাষ্য অনুযায়ী, সমঝোতা ও জোটের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে—জোটে একজনকে নেতৃত্ব দিতে হয়, কিন্তু সমঝোতায় কোনো একক নেতৃত্ব থাকে না; সেখানে সিদ্ধান্ত হয় পারস্পরিক আলোচনার ভিত্তিতে।


বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় দলটির নির্বাচনী ইশতেহারও প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর অসৎ আচরণের কারণেই তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
চরমোনাই পীর বলেন, আট দলের সমঝোতার মূল লক্ষ্য ছিল দেশের কল্যাণ ও ইসলামের পক্ষে একটি ঐক্যবদ্ধ ভোটের বাক্স তৈরি করা। কিন্তু পরে দেখা যায়, এই সমঝোতাকে একতরফাভাবে জোটে রূপান্তর করা হয়েছে এবং আট দলের বাইরে আরও কিছু দলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ সিদ্ধান্ত তাদের সঙ্গে আলোচনা ছাড়াই নেওয়া হয়েছে, যা সমঝোতার মূল চেতনার পরিপন্থী।


তিনি আরও জানান, ২৮ ডিসেম্বর তাদের জানানো হয় যে, জোটে নতুন দল অন্তর্ভুক্ত করা হচ্ছে। তখন ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বলা হয়, অন্য কোনো দলকে যুক্ত করতে হলে তা সমঝোতার অংশীদারদের আলোচনার মাধ্যমে করতে হবে। কিন্তু ওই নতুন দলগুলোর সঙ্গে কীভাবে আলোচনা হয়েছে, সে বিষয়ে আট দলের শীর্ষ নেতাদের সামনে কোনো আলোচনা হয়নি। এতে স্পষ্ট হয়, জামায়াত ভিন্নভাবে সিদ্ধান্ত নিয়েছে।


চরমোনাই পীর অভিযোগ করেন, জামায়াতের এক নেতা মার্কিন দূতাবাসে বৈঠকের সময় ইসলামী আন্দোলনকে উগ্রবাদী হিসেবে উপস্থাপন করেছেন। তিনি বলেন, বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতা কখনো দেশের কোনো দলকে জঙ্গি বা উগ্রবাদী বলে বিদেশে উপস্থাপন করেননি। এমন অভিযোগ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। এ ঘটনায় তারা গভীরভাবে মর্মাহত হয়েছেন এবং জামায়াতের ওই আচরণের নিন্দা জানিয়েছেন।


তিনি বলেন, তারা বড় আশা নিয়ে একত্র হয়েছিলাম দেশের কল্যাণের লক্ষ্যে। কিন্তু যখন দেখলেন এমন একটি জোট দাঁড় করানো হয়েছে, যেখানে ইসলামের স্বার্থ নেই, দেশের স্বার্থ নেই এবং ভেতরে সৌহার্দ্যও নেই, তখনই তারা সেখান থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন।