Date: February 10, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / লাইফস্টাইল / ত্বকের ৫টি পরিবর্তনেই ধরা পড়তে পারে ফুসফুস ক্যানসার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ত্বকের ৫টি পরিবর্তনেই ধরা পড়তে পারে ফুসফুস ক্যানসার

January 28, 2026 05:14:41 AM   অনলাইন ডেস্ক
ত্বকের ৫টি পরিবর্তনেই ধরা পড়তে পারে ফুসফুস ক্যানসার

বিশ্বজুড়ে সবচেয়ে প্রাণঘাতী ক্যানসারের তালিকায় শীর্ষে রয়েছে ফুসফুস ক্যানসার। বিশেষ করে পুরুষদের মধ্যে এই রোগের প্রকোপ তুলনামূলকভাবে বেশি, যা চিকিৎসকদের জন্য বড় উদ্বেগের কারণ। তবে বিশেষজ্ঞদের মতে, প্রাথমিক পর্যায়ে রোগটি শনাক্ত করা গেলে ফুসফুস ক্যানসারও অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণযোগ্য ও নিরাময়যোগ্য হয়ে ওঠে। সাধারণত দীর্ঘস্থায়ী কাশি, শ্বাসকষ্ট কিংবা কফের সঙ্গে রক্ত যাওয়ার মতো উপসর্গের কথাই বেশি শোনা যায়। কিন্তু এসবের পাশাপাশি ত্বকের কিছু পরিবর্তনও ফুসফুস ক্যানসারের আগাম সতর্কবার্তা দিতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, শরীরের ত্বকে হঠাৎ কিছু অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে তা ফুসফুস ক্যানসারের ইঙ্গিত হতে পারে। চিকিৎসকদের মতে, এসব লক্ষণ অনেক সময় উপেক্ষিত থেকে যায়, যা রোগ শনাক্তে বিলম্ব ঘটায়।

বিশেষজ্ঞদের ব্যাখ্যায় বলা হয়, ফুসফুস ক্যানসার শেষ পর্যায়ে পৌঁছালে রক্তপ্রবাহের মাধ্যমে শরীরের অন্যান্য অংশের পাশাপাশি ত্বকেও ছড়িয়ে পড়তে পারে। এর ফলে ত্বকের ওপর ব্যথাহীন লালচে বা নীলচে রঙের ফুসকুড়ি কিংবা শক্ত গোলাকার পিণ্ড দেখা দেয়। কখনও কখনও এসব পিণ্ড নিজে থেকেই ফেটে যেতে পারে। পিঠ, ঘাড়, মাথা কিংবা স্তনের আশপাশে এ ধরনের পিণ্ড দেখা দিলে চিকিৎসকরা ধারণা করেন, ক্যানসার শরীরের বাইরে ছড়িয়ে পড়ার পর্যায়ে পৌঁছেছে।

এ ছাড়া অ্যালার্জি বা কোনো স্পষ্ট কারণ ছাড়াই হঠাৎ ত্বকে লালচে ভাব বা চুলকানি দেখা দেওয়াও সতর্কতার লক্ষণ হতে পারে। বিশেষ করে বুক বা পিঠে আংটির মতো গোলাকার র‍্যাশ তৈরি হওয়া, যা সময়ের সঙ্গে বেগুনি রঙ ধারণ করে এবং তীব্র চুলকানি সৃষ্টি করে—এ ধরনের উপসর্গ ফুসফুস ক্যানসারের সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ফুসফুস ক্যানসার লিভারে ছড়িয়ে পড়লে শরীরে আরও জটিল লক্ষণ দেখা দেয়। এ অবস্থায় পিত্তনালিতে বাধা সৃষ্টি হওয়ায় রোগীর চোখ ও ত্বকে অস্বাভাবিক হলদেটে ভাব দেখা দিতে পারে, যা জন্ডিসের লক্ষণ হিসেবেই পরিচিত। চিকিৎসকদের মতে, এই লক্ষণ দ্রুত শনাক্ত করা গেলে চিকিৎসা শুরু করার সুযোগ বাড়ে এবং রোগীর বেঁচে থাকার সম্ভাবনাও বৃদ্ধি পায়।

ফুসফুস ক্যানসারের ক্ষেত্রে নখ ও আঙুলের পরিবর্তনও গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে ধরা হয়। দীর্ঘদিন ফুসফুসজনিত সমস্যায় ভুগলে অনেকের হাতের আঙুলের ডগা ফুলে যেতে পারে, নখ বেঁকে যেতে পারে কিংবা নখের চারপাশে কালচে দাগ ও খসখসে ভাব দেখা দেয়। এসব পরিবর্তনের মূল কারণ হলো শরীরে অক্সিজেনের ঘাটতি, যা ক্যানসারজনিত শ্বাসপ্রশ্বাসের সমস্যার ফল।

এ ছাড়া ত্বকের স্বাভাবিক ধরন ও রঙে হঠাৎ পরিবর্তন দেখা দিলেও সতর্ক হওয়া প্রয়োজন। ত্বক পুরু হয়ে যাওয়া, অস্বাভাবিক খসখসে অনুভূতি বা শরীরের বিভিন্ন স্থানে কালচে দাগ তৈরি হওয়া ফুসফুস ক্যানসারের সম্ভাব্য লক্ষণ হতে পারে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের উপসর্গ যদি অন্যান্য ক্যানসারজনিত লক্ষণের সঙ্গে একসঙ্গে দেখা যায়, তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়াই সবচেয়ে নিরাপদ।