


দুই দিনের ব্যবধানে আরও ১৭ কোটি ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (৪ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক দেশের ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার (১৭১ মিলিয়ন) ক্রয় করে। এই ক্রয়ের ক্ষেত্রে ডলারের বিনিময় হার ও কাট-অফ হার নির্ধারণ করা হয়েছিল ১২২ টাকা ৩০ পয়সা।
এর আগে, সোমবার (২ ফেব্রুয়ারি) একইভাবে ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে অতিরিক্ত ২১ কোটি ৮৫ লাখ মার্কিন ডলার (২১৮.৫০ মিলিয়ন) ক্রয় করা হয়েছিল। এই ক্রয়ের ফলে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়াল ৩৮ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার (৩৮৯.৫০ মিলিয়ন)।
২০২৫-২৬ অর্থবছরে এ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক মোট ৪,৩২৩ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে। এছাড়া, গত কয়েক দিনে কেন্দ্রীয় ব্যাংক ধারাবাহিকভাবে বিদেশি মুদ্রা ক্রয় করেছে। ২৯ জানুয়ারি পাঁচটি বাণিজ্যিক ব্যাংক থেকে ৫ কোটি ৫০ লাখ ডলার, ২০ জানুয়ারি দুইটি ব্যাংক থেকে ৪ কোটি ৫০ লাখ ডলার, ১২ জানুয়ারি ১০টি ব্যাংক থেকে ৮ কোটি ১০ লাখ ডলার এবং ৬ জানুয়ারি ১৪টি ব্যাংক থেকে ২২ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার ক্রয় করা হয়েছিল। সব ক্রয়ের ক্ষেত্রে বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, “আজ ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১২২.৩০ টাকা কাট-অফ রেটে মোট ১৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার ক্রয় করেছি। এর ফলে ফেব্রুয়ারি মাসে মোট ক্রয়ের পরিমাণ দাঁড়াল ৩৮৯.৫০ মিলিয়ন মার্কিন ডলার এবং ২০২৫-২৬ অর্থবছরে মোট ক্রয় ৪,৩২৩ মিলিয়ন মার্কিন ডলার।”