Date: February 10, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / প্রযুক্তি / দেশে ৮৮ লাখের বেশি সিম বন্ধ করা হলো - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দেশে ৮৮ লাখের বেশি সিম বন্ধ করা হলো

January 13, 2026 01:02:26 PM   অনলাইন ডেস্ক
দেশে ৮৮ লাখের বেশি সিম বন্ধ করা হলো

দেশে ৮৮ লাখের বেশি সিম বন্ধ । আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, সাইবার নিরাপত্তা এবং অপরাধ দমন কার্যক্রমকে শক্তিশালী করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গ্রাহকপ্রতি ১০টির বেশি সিমকার্ড বন্ধ করেছে। এ কার্যক্রমের ফলে দেশে ৮৮ লাখের বেশি সিমকার্ড বাতিল হয়েছে। পাশাপাশি মামলাসংক্রান্ত কারণে আরও এক লাখের বেশি সিম স্থগিত রাখা হয়েছে।

বিটিআরসি জানিয়েছে, সরকার গত বছর সিদ্ধান্ত নেয় গ্রাহকের কাছে থাকা সিমকার্ডের সংখ্যা কমানোর জন্য। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশনায় গত নভেম্বর থেকে ১০টির বেশি সিম বন্ধের কার্যক্রম শুরু হয়। যদিও চলতি বছরের জানুয়ারি থেকে সীমা ৫টি সিমে নামানোর নির্দেশ ছিল, ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে থাকায় তা কার্যকর করা হয়নি। নির্বাচনের পরই পাঁচ সিমের সীমা বাস্তবায়ন করা হবে।

বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম মনিরুজ্জামান জানান, প্রায় ৮৯ লাখ অতিরিক্ত সিম শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ৮৮ লাখের বেশি সিম বন্ধ করা হয়েছে। বাকি সিমগুলো বিভিন্ন মামলার কারণে স্থগিত রাখা হয়েছে এবং শিগগিরই বন্ধ করা হবে।

সিমকার্ড সীমিতকরণের ফলে মোবাইল ব্যবহার এবং মোবাইল ইন্টারনেট ব্যবহারে প্রভাব পড়েছে। বিটিআরসির তথ্য অনুযায়ী, গত ছয় মাসে মোবাইল গ্রাহক কমেছে প্রায় ১৮ লাখ এবং মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী কমেছে ৬২.৬ লাখের বেশি। ২০২৫ সালের জুলাইয়ে দেশের মোবাইল ব্যবহারকারী সংখ্যা ছিল ১৮ কোটি ৮৭ লাখ, যা বর্তমানে কমে ১৮ কোটি ৭০ লাখে নেমেছে।

অন্যদিকে, ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার বৃদ্ধি পেয়েছে, কিন্তু মোবাইল ইন্টারনেটের ব্যবহার কমেছে। বর্তমানে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী ১১ কোটি ৫২ লাখ, যা গত জুলাইয়ের ১২ কোটি ১৫ লাখের তুলনায় কমেছে। এর পেছনে সরকারি বিধিনিষেধ, মূল্যবৃদ্ধি এবং সিম সীমিতকরণের প্রভাব রয়েছে।

তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির বলেন, সিমকার্ড সংখ্যা কমানো এবং ব্রডব্যান্ডের সহজলভ্যতা মোবাইল ও ইন্টারনেট ব্যবহারের পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কোভিড মহামারির পর মোবাইল ব্যবহার কিছুটা কমেছে এবং বর্তমানে ব্রডব্যান্ড ব্যবহারের দিকে ঝোঁক বৃদ্ধি পেয়েছে।

বিটিআরসির মহাপরিচালক আরও জানান, সিম সংখ্যা ১০টিতে নামানোতে বাজারে তেমন প্রভাব দেখা যায়নি। তবে যদি সীমা কমিয়ে পাঁচে নামানো হয়, তা মোবাইল বাজার এবং রাজস্বে বড় প্রভাব ফেলতে পারে।