


শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে ঝিনাইদহের শৈলকুপায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে শৈলকুপা উপজেলা পরিষদ চত্বর থেকে এই মহড়াটি শুরু হয়।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই বিশেষ মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অংশগ্রহণ করে। মহড়াটি শৈলকুপা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কবিরপুর, হাকিমপুর, আবাইপুর, ধলহরাচন্দ্রসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ এলাকাগুলো প্রদক্ষিণ করে। সশস্ত্র টহল ও যানবাহনের গতিবিধি পর্যবেক্ষণের পাশাপাশি জনসচেতনতামূলক প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষের মাঝে নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়া হয়।
যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয়, তা নিশ্চিত করতে যৌথ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া যেকোনো সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করলে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
যৌথ বাহিনীর এই মহড়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি লক্ষ্য করা গেছে। স্থানীয়রা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন তৎপরতায় এলাকায় নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে এবং একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের ব্যাপারে সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় হয়েছে।