


নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম জানিয়েছেন, দলটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে ভাষণ সম্প্রচারের জন্য নির্বাচন কমিশনের অনুমতি চেয়ে আবেদন করেছে।
মাহাবুব আলম বলেন, ভাষণের সম্প্রচারের জন্য আজই আবেদন করা হয়েছে, তবে এখনো কোনো সম্প্রচার স্লট বরাদ্দ করা হয়নি। এদিকে, আগামী ৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এই ভাষণগুলোও নির্বাচনী প্রচারণার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সম্প্রচারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।