Date: February 10, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / অর্থনীতি / প্রথম ১৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

প্রথম ১৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার

January 21, 2026 11:37:46 AM   অনলাইন ডেস্ক
প্রথম ১৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার

চলতি জানুয়ারির প্রথম ১৯ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২১২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৫ হাজার ৯০০ কোটি ৬০ লাখ টাকা, প্রতি ডলার ১২২ টাকা হিসাবে। এ সময়ে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য গতি লক্ষ্য করা গেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু সোমবার (১৯ জানুয়ারি) একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন এক হাজার ২৪ কোটি ৮০ লাখ টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত বছরের জানুয়ারির প্রথম ১৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৩৬ কোটি ১০ লাখ মার্কিন ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে প্রায় ৫৬ শতাংশ, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে চলতি ২০২৪–২৫ অর্থবছরের শুরু থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত মোট প্রবাসী আয় এসেছে এক হাজার ৮৩৮ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। তুলনায়, গত অর্থবছরের একই সময় অর্থাৎ ১ জুলাই থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত রেমিট্যান্সের পরিমাণ ছিল এক হাজার ৫১৩ কোটি ৭০ লাখ ডলার। এতে বোঝা যায়, চলতি অর্থবছরেও প্রবাসী আয়ের প্রবাহ আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।