


অভিনেত্রী মেহের আফরোজ শাওন বরাবরই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে সক্রিয়। সাম্প্রতিক সময়েও বিভিন্ন রাজনৈতিক ঘটনার বিষয়ে তাকে স্পষ্ট ও প্রতিবাদী অবস্থান নিতে দেখা যাচ্ছে।
এই ধারাবাহিকতায় এবার তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের অফিসিয়াল টুইটার (বর্তমান এক্স) অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটি পোস্ট নিজের ফেসবুক হ্যান্ডলে শেয়ার করেন। ওই পোস্টে কর্মজীবী নারীদের নিয়ে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়।
তবে বিষয়টি নিয়ে পরে ব্যাখ্যা দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে জানানো হয়, ড. শফিকুর রহমানের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টসহ দলের কয়েকজন সিনিয়র নেতার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে সাইবার হামলা চালানো হয়েছে। ফলে বিতর্কিত পোস্টটি তাদের পক্ষ থেকে দেওয়া হয়নি বলেও দাবি করা হয়।

এই প্রেক্ষাপটে শাওন তার ফেসবুক পোস্টে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে বিষয়টিতে বিশ্বাসযোগ্যতার প্রশ্ন উত্থাপন করেন। তিনি লেখেন, কয়েক বছর আগে তার এক পরিচিত ব্যক্তি সামাজিক মাধ্যমে নিজের সাবেক ব্যক্তিগত সম্পর্কসংক্রান্ত কিছু গোপন ছবি পোস্ট করার পর পরই সেগুলো মুছে দিয়ে দাবি করেছিলেন—তার আইডি হ্যাক হয়েছিল এবং পরে তিনি কষ্ট করে সেটি পুনরুদ্ধার করেন। সে সময় তিনি ওই দাবিকে বিশ্বাস করেছিলেন।
একই প্রসঙ্গে শাওন লেখেন, যেভাবে তিনি তখন সেই দাবিতে আস্থা রেখেছিলেন, ঠিক সেভাবেই এবারও তিনি এই হ্যাকিংয়ের ব্যাখ্যাকে বিশ্বাস করছেন। পোস্টের শেষাংশে তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে লেখেন, ‘আমি ওনাকে যেমন বিশ্বাস করেছিলাম, ইনাকেও তেমন বিশ্বাস করছি। প্লিজ প্লিজ! আপনারাও বিশ্বাস করেন।’
এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ শাওনের বক্তব্যকে ব্যঙ্গ ও প্রতিবাদের ভাষা হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে রাজনৈতিক বক্তব্য হিসেবে ব্যাখ্যা করছেন।