Date: February 10, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বিনোদন / ফের দেবের সঙ্গে ঘনিষ্ঠ শুভশ্রী—টলিপাড়ায় নতুন করে চর্চা! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ফের দেবের সঙ্গে ঘনিষ্ঠ শুভশ্রী—টলিপাড়ায় নতুন করে চর্চা!

February 03, 2026 04:25:59 PM   বিনোদন ডেস্ক
ফের দেবের সঙ্গে ঘনিষ্ঠ শুভশ্রী—টলিপাড়ায় নতুন করে চর্চা!

ফের দেবের সঙ্গে ঘনিষ্ঠ শুভশ্রী—টলিপাড়ায় এই খবর মানেই আলাদা উত্তাপ। ২০২৬ জুড়ে রূপালি পর্দা কাঁপাতে পুরোপুরি প্রস্তুত দেব। নিজের কাজের ক্যালেন্ডার আগেই ঘোষণা করে দিয়েছেন টলিউডের বক্স অফিস ‘কিং’। চলতি বছরে তিনটি ছবি নিয়ে দর্শকের সামনে হাজির হবেন তিনি। স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুক্তি পেতে চলেছে বাইক অ্যাম্বুল্যান্স দাদা করিমূল হকের বায়োপিক, যা নিয়ে ইতিমধ্যেই কৌতূহল তুঙ্গে। তবে সেই উত্তেজনাকেও ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রে দেবের আসন্ন পুজোর ছবি ‘দেশু’।


পুজোর মঞ্চে বড়সড় কামব্যাকের জন্য কোমর বেঁধে নেমে পড়েছেন দেব। আর সেই প্রস্তুতির মধ্যেই দর্শকদের জন্য এল বড় চমক—দীর্ঘদিন পর ফের প্রাক্তন প্রেমিকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। একসঙ্গে ছবি তুলে দেব নিজেই জানালেন, তাঁদের আগামী ছবির অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ৫ ফেব্রুয়ারি থেকে। ঘোষণার সঙ্গেই সামনে এসেছে ‘দেশু’-র কিছু মিষ্টি মুহূর্ত, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে।


তবে এই ছবিগুলোর আকর্ষণ শুধু দেব-শুভশ্রীর রসায়নেই আটকে থাকেনি। দেবের স্টাইলিশ উপস্থিতি এবং তাঁর বিলাসবহুল অনুষঙ্গ নজর কাড়ে সবার। ডেনিম শার্টে সহজ অথচ রাজকীয় লুকে দেখা যায় দেবকে, আর শুভশ্রী ছিলেন অল ব্ল্যাক ড্রেসের উপর আসমানি নীল জ্যাকেটে—দু’জনের লুকেই ছিল পরিণত গ্ল্যামার। কিন্তু ভক্তদের চোখ আটকে যায় দেবের বাঁ হাতের কব্জিতে।


সেখানে ঝলমল করছিল বিশ্ববিখ্যাত সুইস লাক্সারি ব্র্যান্ড ‘ফ্রাঙ্ক মুলার’-এর একটি মাস্টারপিস ঘড়ি। এটি ফ্রাঙ্ক মুলারের আইকনিক ‘ভ্যানগার্ড ইয়াটিং’ সিরিজের বিশেষ মডেল—V 45 SC DT AC YACHT BL। সমুদ্র ও ইয়াটিং থিমে তৈরি এই ঘড়িটির নীল ডায়াল, তার উপর কম্পাস রোজ বা উইন্ড রোজের কারুকার্য এবং বড় সাদা অ্যারাবিক সংখ্যাগুলি একে করে তুলেছে অনন্য। স্টেইনলেস স্টিলের বডি ও প্রিমিয়াম নীল স্ট্র্যাপ দেবের লুককে দিয়েছে আরও অভিজাত মাত্রা।
ঘড়িটির দাম শুনলে চমকে উঠতেই হয়। আন্তর্জাতিক ঘড়ি বিশেষজ্ঞদের মতে, ভারতীয় মুদ্রায় ট্যাক্স ও কাস্টমস মিলিয়ে এই ঘড়িটির বাজারমূল্য আনুমানিক সাড়ে আট লক্ষ থেকে সাড়ে এগারো লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। অর্থাৎ কব্জিতে কার্যত একটি দামী গাড়ির সমান মূল্য বহন করছেন ‘চ্যালেঞ্জ’ খ্যাত এই অভিনেতা।


একসময় এই দেব-শুভশ্রী জুটি বাংলা ছবির পর্দায় একের পর এক হিট উপহার দিয়েছে। গত বছর মুক্তি পায় তাঁদের প্রায় দশ বছর আগে শুট করা ছবি ‘ধুমকেতু’, যা ২০২৫ সালের সবচেয়ে বড় হিট বাংলা ছবি হিসেবে জায়গা করে নেয়। সেই সাফল্যই প্রমাণ করে, সময় পেরোলেও দর্শকের আকর্ষণ আজও অটুট রয়েছে এই জুটিকে ঘিরে।


টলিউডের প্রথম সারির তারকাদের মধ্যে দেব বরাবরই তাঁর শৌখিনতা ও স্টাইল সেন্সের জন্য পরিচিত। ফ্রাঙ্ক মুলারের মতো গ্লোবাল লাক্সারি ব্র্যান্ডের ঘড়ি তাঁর সংগ্রহে থাকা আরও একবার বুঝিয়ে দিল—রুচি ও বিলাসিতার দৌড়ে তিনি মুম্বইয়ের বড় তারকাদের থেকেও কোনও অংশে কম নন। ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েন পেরিয়েও দেব-শুভশ্রীর রসায়ন যে আজও দর্শকের মনে জায়গা করে নেয়, সেই প্রমাণই এখন ভাইরাল হওয়া এই ছবি। তবে বন্ধুত্ব আর রসায়নের পাশাপাশি টলি-পাড়ার আড্ডায় আপাতত আলোচনার কেন্দ্রবিন্দু দেবের কব্জিতে বাঁধা সেই মহার্ঘ সময়।