Date: February 10, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / প্রযুক্তি / ফেসবুক আয় কমে যাওয়ার পেছনের কারণ ও সমাধানের পথ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ফেসবুক আয় কমে যাওয়ার পেছনের কারণ ও সমাধানের পথ

January 22, 2026 10:37:07 AM   অনলাইন ডেস্ক
ফেসবুক আয় কমে যাওয়ার পেছনের কারণ ও সমাধানের পথ

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক বর্তমানে শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং অনেক কনটেন্ট ক্রিয়েটরের জন্য এটি আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস। তবে সাম্প্রতিক সময়ে অসংখ্য ক্রিয়েটর অভিযোগ করছেন, আগের মতো ফেসবুক থেকে উল্লেখযোগ্য অঙ্কের অর্থ উপার্জন করা এখন আর সহজ নয়। বিশেষ করে রিলস ও ভিডিও মনিটাইজেশন থেকে আয়ের পরিমাণ আগের তুলনায় অনেকটাই কমে গেছে।

এই আয় কমে যাওয়ার প্রধান কারণ হিসেবে মেটা (ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান) তাদের কনটেন্ট মনিটাইজেশন নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে। আগে যেখানে ইন-স্ট্রিম অ্যাডস, রিলস বোনাস এবং আলাদা আলাদা মনিটাইজেশন প্রোগ্রাম চালু ছিল, এখন সেগুলো একত্র করে ‘কনটেন্ট মনিটাইজেশন’ নামে একটি একক সিস্টেম চালু করা হয়েছে। নতুন এই পদ্ধতিতে ফেসবুক প্রায় সব ধরনের ভিডিওকে স্বয়ংক্রিয়ভাবে রিলস হিসেবে বিবেচনা করছে, যার ফলে অনেক ক্রিয়েটরের আয়ের হিসাব আগের মতো থাকছে না।

এছাড়া রিলস মনিটাইজেশনের জন্য চালু থাকা প্রায় এক বিলিয়ন ডলারের বোনাস ফান্ডও ধীরে ধীরে শেষ হয়ে এসেছে। ফলে বর্তমানে অধিকাংশ ক্রিয়েটরের আয় নির্ভর করছে বিজ্ঞাপন থেকে প্রাপ্ত রেভিনিউ শেয়ারের ওপর, যা স্বাভাবিকভাবেই বোনাস নির্ভর আয়ের তুলনায় কম।

আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো স্প্যাম ও কপিরাইট নীতির কঠোর প্রয়োগ। মেটা এখন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি কড়াভাবে অন্যের কনটেন্ট কপি করা, পুনরায় আপলোড করা বা নিম্নমানের স্প্যামি ভিডিওর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এর ফলে অনেক ক্রিয়েটরের মনিটাইজেশন বন্ধ হয়ে যাচ্ছে, পাশাপাশি কনটেন্টের রিচ কমে আয়েও নেতিবাচক প্রভাব পড়ছে।

এছাড়া ব্যবহারকারীর আচরণেও পরিবর্তন এসেছে। ফেসবুকে সক্রিয় ব্যবহারকারীর সম্পৃক্ততা কিছুটা কমে যাওয়া এবং টিকটকের মতো নতুন প্ল্যাটফর্মের সঙ্গে তীব্র প্রতিযোগিতা তৈরি হওয়ায় বিজ্ঞাপনের বাজারেও প্রভাব পড়ছে। এর সরাসরি প্রভাব কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর গিয়ে পড়ছে।

এই পরিস্থিতিতে আয় ধরে রাখতে ক্রিয়েটরদের কিছু বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে। প্রথমত, অবশ্যই সম্পূর্ণ অরিজিনাল ও উচ্চমানের কনটেন্ট তৈরি করতে হবে, যা মেটার নতুন মনিটাইজেশন নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অন্যের কনটেন্ট কপি বা রি-আপলোড থেকে বিরত থাকা জরুরি। কোনো কারণে আয় বা মনিটাইজেশনে সমস্যা দেখা দিলে মেটার সাপোর্ট টিমের সঙ্গে যোগাযোগ করাও একটি কার্যকর পদক্ষেপ হতে পারে। পাশাপাশি ধৈর্য ধরে নিয়মিত মানসম্মত কনটেন্ট প্রকাশ চালিয়ে গেলে দীর্ঘমেয়াদে পুনরায় ভালো ফল পাওয়ার সম্ভাবনাও থাকে।