Date: February 10, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / প্রযুক্তি / বাইনারী আইটির তৈরি চাঁদ দেখা কমিটির ‘লাইভ মনিটরিং সফটওয়্যার’ উদ্বোধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বাইনারী আইটির তৈরি চাঁদ দেখা কমিটির ‘লাইভ মনিটরিং সফটওয়্যার’ উদ্বোধন

January 28, 2026 11:36:32 PM   অনলাইন ডেস্ক
বাইনারী আইটির তৈরি চাঁদ দেখা কমিটির ‘লাইভ মনিটরিং সফটওয়্যার’ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটির কার্যক্রম আধুনিকায়নের অংশ হিসেবে ‘লাইভ মনিটরিং ম্যানেজমেন্ট সফটওয়্যার’ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) বিকেলে ঢাকার আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন ভবনের সভাকক্ষে বোর্ড অব গভর্নরসের এক সভায় এই সফটওয়্যারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

সফটওয়্যারটি উদ্বোধন করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এটি তৈরি করেছে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ‘বাইনারী আইটি’।

এতদিন চাঁদ দেখার সংবাদ সংগ্রহ ও যাচাই-বাছাই প্রক্রিয়াটি ছিল সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। প্রত্যন্ত অঞ্চলের মানুষকে চাঁদ দেখার চূড়ান্ত সিদ্ধান্ত জানতে অনেক রাত পর্যন্ত অপেক্ষা করতে হতো। এই ভোগান্তি দূর করতেই ‘জাতীয় চাঁদ দেখা কমিটির লাইভ মনিটরিং ম্যানেজমেন্ট সফটওয়্যার’ চালু করা হয়েছে। এর মাধ্যমে এখন থেকে সারা দেশের তথ্য একযোগে দ্রুত সংগ্রহ করা সম্ভব হবে এবং সিদ্ধান্ত গ্রহণে গতি আসবে।

সফটওয়্যারটি সফলভাবে ডেভেলপ করায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্মাতা প্রতিষ্ঠান বাইনারী আইটি ও এর ডেভেলপমেন্ট টিমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন তাদের হাতে এই সম্মাননা তুলে দেন।

সম্মাননাপ্রাপ্ত ডেভেলপমেন্ট টিমের সদস্যরা হলেন, বাইনারী আইটির কর্ণধার মো. ইয়াসিন মিয়া, উপদেষ্টা আইয়ুব রানা, সিটিও গোলাম মহি উদ্দিন, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার সিয়াম আহমেদ, বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ ইমতিয়াজ আহমেদ ও আহমেদ এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার রাশেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এ এস এম ফায়েজ, ধর্ম মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মোহাম্মদ নুরুল হক এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।