


‘তারুণ্যশক্তি হোক আল্লাহর বিধানের পক্ষে’ এই স্লোগানকে সামনে রেখে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আন্দোলনটির ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে এ সম্মেলনের আয়োজন করে হেযবুত তওহীদ ছাত্র ফোরাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি বলেন, ‘পৃথিবীতে যত সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, তা তারুণ্যের হাত ধরেই হয়েছে। ৫২’র ভাষা আন্দোলন, ৬৯-এর গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধে অন্যতম অবদান রেখেছে তরুণরা। স্বাধীনতার অর্ধ শতাব্দী পর ২৪ এর জুলাই-আগস্টের অভ্যুত্থানেও তরুণরা নেতৃত্ব দিয়েছে।’
আক্ষেপ করে তিনি বলেন, ‘তারুণ্যের এই শক্তিকে কাজে লাগিয়ে বারবার নিজেদের স্বার্থ হাসিল করেছে এক শ্রেণির রাজনৈতিক ও ধর্মীয় নেতারা। ফলে যে মহান উদ্দেশ্য নিয়ে তরুণরা প্রাণ বিসর্জন দিয়েছে তার প্রতিফলন ঘটেনি।’
দৃঢ় কণ্ঠে তিনি বলেন, ‘তারুণ্যশক্তিকে আল্লাহর বিধানের পক্ষে অনুপ্রাণিত করতে হবে। একমাত্র আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত হলেই তরুণরা তাদের কাক্সিক্ষত পরিবর্তনের দেখা পাবে। এক্ষেত্রে হেযবুত তওহীদ ছাত্র ফোরামকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশের তরুণদের সামনে এতদিন ইসলামের সঠিক আদর্শ ছিল না। তাই তারা মানবরচিত তন্ত্র-মন্ত্রের মধ্যেই মুক্তির সন্ধান করেছে। এবার তাদের সামনে প্রকৃত ইসলামের আদর্শকে তুলে ধরতে হবে। ঐক্যবদ্ধ করতে হবে তওহীদের ভিত্তিতে।’
হেযবুত তওহীদ ছাত্র ফোরামের সভাপতি রাদ-উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রুফায়দাহ পন্নী ও ডাক্তার মাহবুব আলম মাহফুজ, হেযবুত তওহীদ শিক্ষক ফোরামের সভাপতি রাশেদুল হাসান, হেযবুত তওহীদ ছাত্র ফোরামের উপদেষ্টা সাইফুর রহমান ও আয়শা সিদ্দিকা প্রমুখ। অনুষ্ঠানে ছাত্র ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ ও বিভাগীয় কো-অর্ডিনেটরবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন হেযবুত তওহীদের ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান সুমন। সঞ্চালনায় ছিলেন জিনাত আক্তার ও মুগিরা বিন মনির।