Date: February 10, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজধানী / শারমিন একাডেমিতে শিশু নির্যাতনের ঘটনা, ব্যবস্থাপক গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শারমিন একাডেমিতে শিশু নির্যাতনের ঘটনা, ব্যবস্থাপক গ্রেফতার

January 23, 2026 02:26:32 PM   অনলাইন ডেস্ক
শারমিন একাডেমিতে শিশু নির্যাতনের ঘটনা, ব্যবস্থাপক গ্রেফতার

রাজধানীর নয়াপল্টন এলাকায় শারমিন একাডেমি নামের একটি স্কুলে প্রি-প্লে শ্রেণির এক শিশুকে নির্যাতনের ঘটনায় স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে মিরপুর এলাকার একটি বাসা থেকে তাকে পল্টন থানার পুলিশ গ্রেফতার করে।

পুলিশের তথ্যমতে, গত ১৮ জানুয়ারি নয়াপল্টনের মসজিদ রোড এলাকায় অবস্থিত শারমিন একাডেমিতে চার বছরের কম বয়সী ওই শিশুকে নির্যাতন করা হয়। ঘটনার দুইদিন পর (২০ জানুয়ারি) শিশুটির নির্যাতনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়।

শারমিন একাডেমির প্রতিষ্ঠাতা ও স্কুলের প্রধান শিক্ষক শারমিন জাহানের স্বামী পবিত্র কুমার এই ঘটনায় অভিযুক্ত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ। তিনি জানান, পবিত্র কুমার বর্তমানে পল্টন থানায় আছেন। পাশাপাশি পুলিশের একটি দল অন্য অভিযুক্ত শারমিন জাহানকে গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে এবং শিগগিরই তাকে গ্রেফতার করা হবে।

এর আগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) শিশুটির মা পল্টন থানায় শিশু অধিকার আইনে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় পবিত্র কুমার বড়ুয়া ও শারমিন জাহানকে আসামি করা হয়েছে। পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী এবং শিশুর অভিভাবকরা দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে এবং শিশুর সুরক্ষা নিশ্চিত করতে সব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।