Date: February 10, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / সারা দেশে দায়িত্বে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সারা দেশে দায়িত্বে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

February 04, 2026 03:48:53 PM   দেশেরপত্র ডেস্ক
সারা দেশে দায়িত্বে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে দায়িত্ব পালনের জন্য ১০৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচনী আচরণবিধি বাস্তবায়ন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ম্যাজিস্ট্রেটরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।


জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় আচরণবিধি তদারকির পাশাপাশি সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ, মোবাইল কোর্ট পরিচালনা এবং স্ট্রাইকিং ফোর্স—বিশেষ করে বিজিবি, কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনীর টিমকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।


প্রজ্ঞাপন অনুযায়ী, তারা আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করবেন। এর আগে ৭ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে যোগদান করবেন এবং দায়িত্ব পালনের পূর্বে তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে।


এতে আরও বলা হয়েছে, মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৫ ধারা অনুযায়ী ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত নির্ধারিত এলাকায় তারা মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা রাখবেন। জেলা ম্যাজিস্ট্রেটরা নিজ নিজ অধিক্ষেত্রে এসব ম্যাজিস্ট্রেটের দায়িত্ব বণ্টন ও মোবাইল কোর্ট পরিচালনার এলাকা নির্ধারণ করবেন।


প্রতিদিন পরিচালিত মোবাইল কোর্টের কার্যক্রমের তথ্য নির্ধারিত ছকে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসারকে জানাতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।