Date: May 08, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বিবিধ / আজ বিশ্ব গাধা দিবস, অবহেলিত প্রাণীটিকে ঘিরে কেন এই বিশেষ দিন? - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আজ বিশ্ব গাধা দিবস, অবহেলিত প্রাণীটিকে ঘিরে কেন এই বিশেষ দিন?

May 08, 2026 03:33:23 PM   অনলাইন ডেস্ক
আজ বিশ্ব গাধা দিবস, অবহেলিত প্রাণীটিকে ঘিরে কেন এই বিশেষ দিন?

মানুষের মুখে গাধা শব্দটি প্রায়ই ব্যবহৃত হয় বোকামি বা অনর্থক পরিশ্রমের প্রতীক হিসেবে। কিন্তু বাস্তবে শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের অন্যতম নির্ভরযোগ্য সহচর হয়ে আছে এই প্রাণীটি। পণ্য পরিবহণ থেকে শুরু করে কৃষিকাজ, এমনকি যুদ্ধক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে গাধা। সেই অবদানকে স্বীকৃতি দিতেই প্রতি বছর ৮ মে পালিত হয় বিশ্ব গাধা দিবস।

অনেকের কাছেই বিষয়টি অবাক করার মতো হলেও, আন্তর্জাতিকভাবে এই দিবসটির প্রচলন হয়েছে গাধার গুরুত্ব ও অবদান তুলে ধরার উদ্দেশ্যে। প্রাণিবিজ্ঞানী আর্ক রাজিক প্রথম এই দিবস উদযাপনের উদ্যোগ নেন। মরুভূমির প্রাণী নিয়ে গবেষণা করতে গিয়ে তিনি উপলব্ধি করেন, মানুষের জন্য এত কাজ করেও গাধা যথাযথ সম্মান পাচ্ছে না।

এই ভাবনা থেকেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফেসবুক গ্রুপ তৈরি করেন এবং সেখানে গাধা সম্পর্কিত নানা তথ্য, গবেষণা ও সচেতনতামূলক বিষয় প্রচার শুরু করেন। পরে তার উদ্যোগেই ২০১৮ সালে প্রথমবারের মতো বিশ্ব গাধা দিবস পালিত হয়। এরপর থেকে প্রতিবছর ৮ মে দিনটি বিশ্বজুড়ে বিভিন্নভাবে উদযাপন করা হচ্ছে।

দিবসটির মূল উদ্দেশ্য হলো গাধা সম্পর্কে মানুষের নেতিবাচক ধারণা বদলানো এবং প্রাণীটির বাস্তব অবদান তুলে ধরা। কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যায়, মানুষের সভ্যতার বিকাশে গাধার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাচীনকাল থেকে দুর্গম পথে মালামাল বহন, কৃষিকাজে সহায়তা এবং যাতায়াতে ব্যবহৃত হয়ে আসছে এই প্রাণী।

বর্তমান সময়েও বিশ্বের অনেক দেশে পরিবহণ, নির্মাণকাজ ও কৃষিক্ষেত্রে গাধা ব্যবহৃত হয়। বিশেষ করে দুর্গম পাহাড়ি বা মরু অঞ্চলে যেখানে আধুনিক যানবাহন সহজে পৌঁছাতে পারে না, সেখানে গাধাই মানুষের ভরসা।

তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি গাধা রয়েছে চীনে। দেশটিতে গাধার চামড়ার নিচে থাকা বিশেষ ধরনের আঠা থেকে ওষুধ তৈরি করা হয়, যা অ্যাজমা, অনিদ্রাসহ বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। তবে এই শিল্পের কারণে দেশটিতে গাধার সংখ্যা দ্রুত কমে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন প্রাণী অধিকারকর্মীরা।

বিশেষজ্ঞরা বলছেন, গাধাকে শুধু বিদ্রূপের প্রতীক হিসেবে না দেখে, মানুষের ইতিহাস ও জীবনে তাদের অবদানকেও মূল্যায়ন করা প্রয়োজন। বিশ্ব গাধা দিবস সেই সচেতনতার বার্তাই ছড়িয়ে দিতে চায়।

আজকের এই দিনটি কেবল একটি প্রাণীকে ঘিরে নয়, বরং মানুষের দীর্ঘদিনের বিশ্বস্ত সহচরের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানানোরও একটি উপলক্ষ।