Date: May 03, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বিনোদন / ওমর সানীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তুললেন পরিচালক! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ওমর সানীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তুললেন পরিচালক!

May 03, 2026 08:10:19 PM   বিনোদন ডেস্ক
ওমর সানীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তুললেন পরিচালক!

কন্ট্রাক্ট ম্যারেজ নামের একটি প্রজেক্টকে কেন্দ্র করে চিত্রনায়ক ওমর সানী ও পরিচালক-প্রযোজক হাসান জাহাঙ্গীরের মধ্যে বিরোধ চরমে পৌঁছেছে। একদিকে সিনেমা মুক্তি নিয়ে আপত্তি, অন্যদিকে চাঁদা দাবির অভিযোগ ও মানহানির হুমকিতে বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

মূলত তিন বছর আগে নাটক হিসেবে শুটিং শুরু হওয়া ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ এখন পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে মুক্তির প্রস্তুতি নিচ্ছে। পরিচালক ও প্রযোজক হাসান জাহাঙ্গীর জানিয়েছেন, আগামী ১৫ মে দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তবে সিনেমা মুক্তির ঘোষণা আসার পর থেকেই আপত্তি জানান চিত্রনায়ক ওমর সানী। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে একটি অডিও ক্লিপে চিত্রনায়িকা মৌসুমীকে বলতে শোনা যায়, এটি মূলত একটি নাটক ছিল এবং পরে টেলিফিল্ম হিসেবে উপস্থাপনের কথা ছিল। কীভাবে এটি সিনেমা হলো, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

এরপর বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার কথাও জানান ওমর সানী। তার দাবি, নির্মাতা অনুমতি ছাড়াই প্রকল্পটিকে সিনেমা হিসেবে মুক্তি দিচ্ছেন, যা নিয়ে তিনি তীব্র আপত্তি জানান।

অন্যদিকে, এই অভিযোগের জবাবে পাল্টা বক্তব্য দিয়েছেন পরিচালক হাসান জাহাঙ্গীর। তিনি দাবি করেন, মৌসুমীকে চাপ দিয়ে তার বিরুদ্ধে বক্তব্য নেওয়া হয়েছে এবং ওমর সানী এই প্রজেক্টের সঙ্গে সরাসরি জড়িত নন।

হাসান জাহাঙ্গীর আরও বলেন, সব সংশ্লিষ্ট সমিতি ও কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই সিনেমাটি তৈরি করা হয়েছে। তার ভাষায়, প্রকল্পটি একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র এবং এটি ওয়েব সিরিজ নয়।

সবচেয়ে গুরুতর অভিযোগ তুলে তিনি দাবি করেন, সিনেমা মুক্তির আগে তৃতীয় পক্ষের মাধ্যমে তার কাছে চাঁদা দাবি করা হয়েছিল। তিনি বলেন, বিষয়টি তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেবেন।

এছাড়া ওমর সানীর বিরুদ্ধে মানহানির মামলারও ঘোষণা দেন হাসান জাহাঙ্গীর। তার দাবি, এই বিতর্কের কারণে যদি সিনেমার ক্ষতি হয়, তাহলে তিনি ৬ কোটি টাকার মানহানির মামলা করবেন।

বর্তমানে দুই পক্ষের এমন পাল্টাপাল্টি অভিযোগে বিনোদন অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে, যা নিয়ে আলোচনা চলছে চলচ্চিত্রপাড়ায়।