Date: April 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / কুমিল্লায় রেল দুর্ঘটনায় নিহত ১২ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুমিল্লায় রেল দুর্ঘটনায় নিহত ১২

March 22, 2026 10:24:09 AM   দেশেরপত্র ডেস্ক
কুমিল্লায় রেল দুর্ঘটনায় নিহত ১২

কুমিল্লা প্রতিনিধি:
পবিত্র ঈদের দিন আনন্দমুখর পরিবেশের মাঝেই কুমিল্লায় এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকার একটি রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় অন্তত ১২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসের আরও অনেক যাত্রী গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. মমিন সংবাদমাধ্যমকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে প্রতিবেদনটি লেখা পর্যন্ত নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ঈদের দিন রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রী নিয়ে নোয়াখালীর উদ্দেশে যাচ্ছিল ‘মামুন পরিবহন’ নামের একটি বাস। রাত ৩টার দিকে বাসটি পদুয়ারবাজার বিশ্বরোড এলাকার রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি মেইল ট্রেনের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

ট্রেনের ধাক্কায় বাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।

উদ্ধারকর্মীরা বাসটি থেকে নিহত ১২ জনের মরদেহ উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় আরও অনেক যাত্রীকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে এই ভয়াবহ দুর্ঘটনা পুরো এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।