


ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়া জেলা কারাগারের ভেতর থেকে বিদ্যুৎ আলী (২৭) নামে এক হাজতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। কারা কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোররাতে কারাগারের ভেতরে এই ঘটনা ঘটে। নিহত বিদ্যুৎ আলী কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকাররমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের চাঁদ্দু আলীর ছেলে। তিনি একটি মাদক মামলায় গত দুই মাস ধরে কারাগারে বন্দি ছিলেন।
কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার শরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার ভোররাতে কারাগারের বাথরুমের জানালার গ্রিলের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় ওই হাজতিকে ঝুলতে দেখা যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।’
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।