


চট্টগ্রামের আনোয়ায় চোর সন্দেহে মো. মনির (২৩) নামের এক যুবকের মাথা ন্যাড়া করে দিয়েছে স্থানীয় জনতা। শুক্রবার (১৭ এপ্রিল) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের মামুরখাইন গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মনির একই ইউনিয়নের মাহাতা পূর্বকন্যারা গ্রামের আইয়ুব আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে মামুরখাইন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন তিনি। এ সময় এলাকাবাসীর সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মনির চুরির ঘটনা স্বীকার করেছেন বলে দাবি করেন স্থানীয়রা। এরপর উত্তেজিত জনতা তাকে বেঁধে মাথা ন্যাড়া করে দেয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে সকাল ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মনিরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, চোর সন্দেহে আটক ওই যুবককে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে তিনি একটি মসজিদের দান বাক্স থেকে টাকা চুরির কথা স্বীকার করেছেন বলে জানান ওসি।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।