


নড়াইলে ফিলিং স্টেশনে ডিজেল সংগ্রহ করতে গিয়ে তীব্র গরমে অসুস্থ হয়ে লাভলী বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর বাড়ি ফেরার পথেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে শহরের মাছিমদিয়া এলাকার সরদার ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত লাভলী বেগম নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামের বাসিন্দা এবং দাউদ মোল্যার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ডিজেল সংগ্রহের উদ্দেশ্যে ফিলিং স্টেশনে যান লাভলী বেগম। সেখানে তীব্র গরমের মধ্যে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে তিনি প্রায় ৩ লিটার ডিজেল সংগ্রহ করেন। এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান।
এ সময় স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ভ্যানে করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক লিপিকা রানী বিশ্বাস জানান, অসুস্থ অবস্থায় ওই নারীকে হাসপাতালে আনা হলেও পরীক্ষা-নিরীক্ষায় তাকে মৃত পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তীব্র গরমজনিত কারণে তার শারীরিক অবস্থা খারাপ হয়ে মৃত্যু হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে তীব্র গরমে দীর্ঘক্ষণ বাইরে অবস্থান করা নিয়ে নতুন করে সতর্কতার প্রয়োজনীয়তা সামনে এসেছে।