Date: April 26, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / পিরোজপুরে প্রতিবন্ধী সন্তানকে অস্বীকার বাবার, ঢাল হয়ে দাঁড়ালেন মা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পিরোজপুরে প্রতিবন্ধী সন্তানকে অস্বীকার বাবার, ঢাল হয়ে দাঁড়ালেন মা

April 26, 2026 02:00:32 PM   অনলাইন ডেস্ক
পিরোজপুরে প্রতিবন্ধী সন্তানকে অস্বীকার বাবার, ঢাল হয়ে দাঁড়ালেন মা

পিরোজপুরের নেছারাবাদে জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী এক নবজাতককে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন বাবা। তবে সন্তানের পাশে অটলভাবে দাঁড়িয়েছেন মা, যিনি সব বাধা উপেক্ষা করে নিজের সন্তানকে ফেলে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে এবং মানবিক সহানুভূতির আবেদন জানিয়েছেন অসহায় এই মা।


ঘটনাটি ঘটে গত ২২ এপ্রিল রাত ৮টার দিকে নেছারাবাদ উপজেলার মিয়ারহাট বন্দরের একটি বেসরকারি হাসপাতালে। সেখানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেয় দুই পা ও এক হাতের আংশিক বিকলাঙ্গ এক শিশু।

শিশুটির বাবা, পেশায় দিনমজুর আল আমীন, সন্তানের শারীরিক অবস্থার কারণে তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানান। এমনকি শিশুটিকে অন্য কোথাও দিয়ে দেওয়া বা ফেলে দেওয়ার মতো অমানবিক সিদ্ধান্তও দেন তিনি বলে জানা গেছে।

অন্যদিকে, শিশুটির মা লিজা আক্তার স্বামীর সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন। তিনি স্পষ্টভাবে জানান, সন্তান স্বাভাবিক না হলেও তিনি তাকে কোনোভাবেই পরিত্যাগ করবেন না। নিজের শ্রম ও সংগ্রামের মাধ্যমে সন্তানের ভবিষ্যৎ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

লিজা আক্তার জানান, এটি তার তৃতীয় সন্তান। জীবিকার তাগিদে তিনি ঢাকায় দিনমজুরের কাজ করেন। তবে বর্তমান পরিস্থিতিতে সন্তানকে ঘিরে তিনি চরম অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতায় রয়েছেন। তাই সমাজের হৃদয়বান মানুষের সহায়তা কামনা করেছেন তিনি।

এদিকে মানবিক বিবেচনায় হাসপাতাল কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নিউ সততা প্রাইভেট হাসপাতাল-এর ব্যবস্থাপনা পরিচালক জানান, নবজাতকের চিকিৎসা ও সেবার জন্য প্রায় ২৫ হাজার টাকার হাসপাতাল বিল মওকুফ করা হয়েছে।

অপারেশন পরিচালনাকারী চিকিৎসক ডা. প্রীতিষ বিশ্বাস জানান, শিশুটির জন্ম জিনগত ত্রুটি বা গর্ভকালীন জটিলতার কারণে হতে পারে। ঝুঁকিপূর্ণ হলেও সফলভাবে অপারেশন সম্পন্ন হয়েছে এবং মা ও শিশু দুজনই বর্তমানে পর্যবেক্ষণে আছেন।

তবে এখনো পর্যন্ত শিশুটির বাবা তাকে দেখতে আসেননি, যা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। স্থানীয়ভাবে বিষয়টি মানবিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।