Date: May 07, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশুকে হত্যার অভিযোগ! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশুকে হত্যার অভিযোগ!

May 07, 2026 01:39:09 PM   অনলাইন ডেস্ক
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশুকে হত্যার অভিযোগ!

নরসিংদীর পলাশ উপজেলায় দুষ্টুমির ছলে পায়ুপথে উচ্চগতির বাতাস ঢুকিয়ে দেওয়ার ঘটনায় রামিম (৯) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (৬ মে) সকালে উপজেলার গজারিয়া বাজারের একটি অটোরিকশা গ্যারেজে এ ঘটনা ঘটে। পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রামিম পলাশ উপজেলার গজারিয়া চরকারারদী গ্রামের ব্যবসায়ী রিপন মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে রামিম তার দাদা আমজাদ হোসেনের দোকানে আসে। একপর্যায়ে সে বাজারের ফয়সাল মিয়ার মালিকানাধীন একটি ব্যাটারিচালিত অটোরিকশা গ্যারেজে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গ্যারেজে থাকা একই গ্রামের রিকশাচালক সবুজ মিয়া হাওয়ার মেশিন দিয়ে দুষ্টুমির ছলে শিশুটির পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেন। এতে রামিমের পেট অস্বাভাবিকভাবে ফুলে যায় এবং সে যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ে। তার চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান।

সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। পরে বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় শোক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিশুটির স্বজনরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, শিশুটির মরদেহ বাড়িতে পৌঁছানোর পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত সবুজ মিয়াকে গ্রেফতারে অভিযান চলছে।