Date: May 13, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / ফেনীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে মজিবুর রহমান মঞ্জুর উদ্বেগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ফেনীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে মজিবুর রহমান মঞ্জুর উদ্বেগ

May 13, 2026 07:17:40 PM   জেলা প্রতিনিধি
ফেনীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে মজিবুর রহমান মঞ্জুর উদ্বেগ

ফেনীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। বুধবার এক বিবৃতিতে তিনি ফেনীর বর্তমান পরিস্থিতি নিয়ে এই শঙ্কা প্রকাশ করেন।

বিবৃতিতে এবি পার্টির চেয়ারম্যান বলেন, ফেনীতে আশঙ্কাজনকভাবে খুন ও রাহাজানি বেড়ে চলেছে। বর্তমানে জেলার মানুষ তাদের নিরাপত্তা নিয়ে বেশ শঙ্কিত। অপরাধের এমন ধরণ সাধারণ মানুষের মনে ভীতি তৈরি করেছে।

বিবৃতিতে তিনি বেশ কিছু সাম্প্রতিক ঘটনার উল্লেখ করেন। গত ৭ মে ফুলগাজীর সীমান্ত এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছিল। ৯ মে দাগনভূঞার রাজাপুর ইউনিয়নে মাদকাসক্ত ছেলের আঘাতে মা নিহত এবং বাবা ও বোন গুরুতর আহত হন। একই দিন পরশুরাম উপজেলার খন্দকিয়া গ্রাম থেকে মহন্ত কুমার দাস নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিবৃতিতে আরও বলা হয়, ১১ মে দাগনভূঞা পৌরসভার আমানুল্লাহপুর এলাকা থেকে ১৮ মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়ন থেকেও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছিল। খবরের কাগজে নিয়মিত এমন সব মৃত্যু ও হত্যাকাণ্ডের সংবাদ তাকে উদ্বিগ্ন করে তুলেছে বলে তিনি জানান।

মজিবুর রহমান মঞ্জু হত্যাকাণ্ডের শিকার পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন। তাদের জন্য যথাযথ ক্ষতিপূরণ ও আইনি সহায়তা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেন তিনি। সেই সঙ্গে ফেনীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।