


রাজধানীর বনানীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের গাড়িতে ট্রাস্ট পরিবহনের একটি মিনিবাসের ধাক্কায় দুর্ঘটনা ঘটে। এতে গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও প্রতিমন্ত্রীসহ সবাই অক্ষত রয়েছেন। ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত বাসচালককে গ্রেপ্তার করে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৯টা ৫০ মিনিটের দিকে বনানী থানার বীর উত্তম জিয়াউর রহমান সড়কের আউটগোয়িং অংশে, চেয়ারম্যান বাড়ি ফুটওভার ব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে।
হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাস্ট পরিবহনের একটি মিনিবাস পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে বহনকারী গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটির পেছনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে সৌভাগ্যক্রমে প্রতিমন্ত্রী ও গাড়িতে থাকা অন্যান্য যাত্রীরা নিরাপদ ছিলেন।
ঘটনার খবর পেয়ে বনানী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাসসহ চালক ওমর ফারুককে আটক করে হেফাজতে নেয়।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া চালক ওমর ফারুকের বয়স ২৫ বছর। দুর্ঘটনার পর প্রতিমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা গানম্যান বাদী হয়ে বনানী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে চালককে আদালতে সোপর্দ করা হবে।
ঘটনাটি রাজধানীর ব্যস্ত এলাকায় সড়ক নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।