Date: April 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / ব্রাহ্মণবাড়িয়ায় চিরকুট লিখে চুরি করা ফ্যান ফেরত দিল চোর - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ব্রাহ্মণবাড়িয়ায় চিরকুট লিখে চুরি করা ফ্যান ফেরত দিল চোর

April 17, 2026 08:06:28 PM   অনলাইন ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ায় চিরকুট লিখে চুরি করা ফ্যান ফেরত দিল চোর

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি বিদ্যালয় থেকে চুরি হওয়া সিলিং ফ্যান ফেরত দিয়ে এবং সঙ্গে একটি চিরকুট রেখে আলোচনার জন্ম দিয়েছে অজ্ঞাত এক চোর। চিরকুটে লেখা ছিল, “টাকার জন্য চুরি করেছিলাম।” ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিদ্যালয় কর্তৃপক্ষ স্কুলে এসে দেখতে পান, চুরি হওয়া একটি সিলিং ফ্যান আবার ফিরিয়ে রাখা হয়েছে। ফ্যানটির পাশেই রাখা ছিল হাতে লেখা একটি চিরকুট। সেখানে চোর নিজের অপরাধ স্বীকার করে নেয় এবং আর্থিক সংকটের কারণে এমন কাজ করেছে বলে উল্লেখ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্মমঠ আইডিয়াল একাডেমি থেকে কয়েকদিন আগে মোট চারটি সিলিং ফ্যান চুরি হয়। পরে হঠাৎ করেই এর মধ্যে একটি ফ্যান ফেরত আসে।

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। অনেকেই বিষয়টিকে মানবিক দিক থেকে দেখছেন, আবার কেউ কেউ এটিকে আইনশৃঙ্খলার প্রশ্ন হিসেবেও দেখছেন।

কর্মমঠ আইডিয়াল একাডেমির পরিচালক এফ এ সোহাগ জানান, যে ফ্যানটি ফেরত এসেছে, সেটিতে বিদ্যালয়ের নাম লেখা ছিল। চোর সেটি রেখে চিরকুটে অর্থকষ্টের কথা স্বীকার করেছে।

তিনি আরও বলেন, “আমার মনে হয় সে প্রকৃত অর্থে খারাপ মানুষ নয়। তাই বাকি ফ্যানগুলো ফেরত দিলে পুরস্কারের ঘোষণা দিয়েছি ফেসবুকে। আশা করি, সে নিজের ভুল বুঝে বাকি জিনিসগুলোও ফিরিয়ে দেবে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে যেমন কৌতূহল তৈরি হয়েছে, তেমনি আলোচনাও চলছে—একটি চিরকুট কীভাবে পুরো চুরির ঘটনার মোড় ঘুরিয়ে দিল।