


যশোরে এক হৃদয়স্পর্শী ঘটনার পর সেই শিশুর জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির চেয়ারম্যানের সফরকালে ফুল হাতে অপেক্ষারত এক মায়ের কোলে থাকা শিশুকে গাড়ি থামিয়ে কোলে নেওয়ার দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সেই ঘটনার ধারাবাহিকতায় শিশুটির পরিবারের খোঁজ নিয়ে উপহার পৌঁছে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে।
গত ২৭ এপ্রিল যশোর সফরে যান তারেক রহমান। ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানসংবলিত বাসে করে তার বহর যশোর ইনস্টিটিউটের সামনে দিয়ে যাওয়ার সময় নিলিমা নামের এক মা তার কোলে থাকা শিশুকে নিয়ে ফুল হাতে দাঁড়িয়ে ছিলেন। উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানো।
বিষয়টি নজরে আসতেই তাৎক্ষণিকভাবে গাড়ি থামান প্রধানমন্ত্রী। এরপর নেমে এসে শিশুটিকে কোলে নেন এবং কিছু সময় তার সঙ্গে স্নেহময় মুহূর্ত কাটান। উপস্থিত মানুষের কাছে ঘটনাটি আবেগঘন পরিবেশ তৈরি করে। পরবর্তীতে সেই দৃশ্য নিলিমার ফেসবুক পেজসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দ্রুত ভাইরাল হয়।
ঘটনার পর প্রধানমন্ত্রী শিশুটির পরিবারের খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন এবং তাদের জন্য উপহার পাঠানোর সিদ্ধান্ত নেন। তার নির্দেশনায় অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন পুরো বিষয়টি তদারকি করেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) দুপুরে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নিলিমার বাসায় গিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার পৌঁছে দেয়।
এ সময় প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন এবং যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগরসহ অন্যান্য নেতাকর্মীরা।
একটি ছোট্ট মানবিক মুহূর্ত কীভাবে বড় আলোচনায় রূপ নেয় এবং সেই ঘটনার প্রতিক্রিয়ায় কীভাবে দ্রুত উদ্যোগ নেওয়া হয়—যশোরের এই ঘটনাটি তারই একটি উদাহরণ হয়ে উঠেছে।