Date: April 20, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / ভোট চাইতে গিয়ে প্রেম, বিয়ে করলেন দুই শিক্ষার্থী! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ভোট চাইতে গিয়ে প্রেম, বিয়ে করলেন দুই শিক্ষার্থী!

April 20, 2026 05:41:29 PM   দেশেরপত্র ডেস্ক
ভোট চাইতে গিয়ে প্রেম, বিয়ে করলেন দুই শিক্ষার্থী!

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ঘিরে এক ভিন্ন গল্পের জন্ম হয়েছে। নির্বাচনে জয়ী হতে না পারলেও ভালোবাসার যুদ্ধে জয়ী হয়েছেন শিক্ষার্থী রিদুয়ানুল হক ইমন।

রাকসু নির্বাচনে ছাত্র অধিকার পরিষদ মনোনীত প্যানেল থেকে সহকারী ক্রীড়া সম্পাদক পদে প্রার্থী হন ইমন। প্রচারণার সময়ই তার পরিচয় হয় সহপাঠী মুসলিমার সঙ্গে। সেই পরিচয় থেকে শুরু হয় বন্ধুত্ব, পরে ভালো লাগা— আর শেষ পর্যন্ত তা গড়ায় বিবাহবন্ধনে।

চার মাসের সম্পর্কের পর গত ৭ এপ্রিল পারিবারিক সম্মতিতে রাজশাহীর বিনোদপুর কাজী অফিসে বিয়ে করেন তারা। পরে ১৭ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশ করেন।

ইমন রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর ফিন্যান্স বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি ময়মনসিংহে। অন্যদিকে মুসলিমা সমাজবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, তার বাড়ি বাগেরহাটে।

ইমন জানান, রাকসু নির্বাচনের প্রচারের শেষ দিনে প্রথম দেখাতেই মুসলিমাকে ভালো লাগে তার। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ শুরু হয়। ধীরে ধীরে দেখা-সাক্ষাৎ ও আড্ডার মাধ্যমে তাদের সম্পর্ক গভীর হয়।

পারিবারিকভাবে শুরুতে কিছুটা আপত্তি থাকলেও পরে উভয় পরিবার রাজি হয়। ইমন বলেন, তারা দুজনই পরিবারকে বুঝিয়ে বিয়েতে সম্মতি আনেন।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এই দম্পতি জানান, পড়াশোনা শেষ করে নিজেদের প্রতিষ্ঠিত করতে চান তারা। দেশে বা বিদেশে ভালো ক্যারিয়ার গড়ে তোলার পাশাপাশি একসঙ্গে সুন্দর জীবন গড়ার প্রত্যাশা তাদের।