


ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারা ফেরিঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ভেড়ামারা থানা পুলিশের একটি দল তাকে সহায়তা করে।
অভিযান চলাকালে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। একই সাথে এই অবৈধ কাজের সাথে জড়িত ব্যক্তিদের কঠোরভাবে সতর্ক করে দেন ভ্রাম্যমাণ আদালত। প্রশাসনের এমন তৎপরতায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
স্থানীয়রা জানান, সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার দায়িত্ব নেওয়ার পর থেকেই এলাকায় শৃঙ্খলা ফেরাতে বেশ সক্রিয় ভূমিকা পালন করছেন। তিনি নিয়মিতভাবে দুর্নীতি, অনিয়ম, বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তার এই ধরণের তদারকি স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে বড় ভূমিকা রাখছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষা এবং জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। কাউকে আইনের বাইরে কাজ করতে দেওয়া হবে না।
স্থানীয় সচেতন নাগরিকরা মনে করেন, প্রশাসনের এমন ধারাবাহিক ও কঠোর পদক্ষেপ ভেড়ামারা উপজেলাকে একটি নিরাপদ ও সুশৃঙ্খল এলাকা হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে। তারা নিয়মিত বিরতিতে এ ধরণের অভিযান চালানোর জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।