


সাভারে মাদকাসক্ত এক যুবককে আটক করে আজান দেওয়ানো, তওবা করানো এবং পরে মায়ের জিম্মায় ছেড়ে দেওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বুধবার (৬ মে) বিকেলে বিরুলিয়া ইউনিয়নের কাকাব গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিকেলে মাদক সেবনের সময় রবিন নামে এক যুবককে আটক করে বিরুলিয়া ইউনিয়ন পুলিশ ফাঁড়ির সদস্যরা। এ সময় তার মা সখিনা বেগম পুলিশ সদস্যদের কাছে ছেলেকে শেষবারের মতো সুযোগ দেওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, প্রায় এক মাস আগে মাদক মামলায় কারাভোগ শেষে জামিনে মুক্তি পেলেও রবিন আবারও মাদকে জড়িয়ে পড়ে এবং প্রায়ই তাকে নির্যাতন করত।
পরিস্থিতি বিবেচনায় পুলিশ সদস্যরা রবিনকে আজান দিতে বলেন। পরে তিনি সবার সামনে আজান দেন এবং তওবা করে ভবিষ্যতে মাদক থেকে দূরে থাকার পাশাপাশি নিয়মিত নামাজ আদায়ের অঙ্গীকার করেন। এ সময় তিনি মায়ের কাছেও ক্ষমা চান।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন ও গণ্যমান্য ব্যক্তিদের সম্মতিতে পরে রবিনকে তার মায়ের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এ সময় স্থানীয় ইউপি সদস্য শাহীন মিয়াসহ এলাকার কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন।
বিরুলিয়া ইউনিয়ন পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রবিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল এবং পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করত। মানবিক দিক বিবেচনা করে তাকে সতর্ক করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, পুরো ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা ধরনের আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।