


পটুয়াখালীর বাউফল থেকে ঢাকাগামী একটি লঞ্চে রহস্যজনকভাবে ফেলে যাওয়া ৬ থেকে ৮ মাস বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। নিজেকে বাবা পরিচয় দেওয়া এক ব্যক্তি শিশুটিকে রেখে চলে যাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালাইয়া লঞ্চঘাট থেকে ছেড়ে যাওয়া এমভি বন্ধন-৫ লঞ্চে এ ঘটনা ঘটে। বিকেল ৪টার দিকে বাউফলের কালাইয়া লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে লঞ্চটি।
যাত্রীদের বর্ণনা অনুযায়ী, সন্ধ্যার দিকে ধুলিয়া লঞ্চঘাটে নোঙর করার সময় এক ব্যক্তি কোলে একটি শিশুকে নিয়ে লঞ্চে ওঠেন। তিনি নিজেকে শিশুটির বাবা পরিচয় দিয়ে অন্য যাত্রীদের সঙ্গে বসেন এবং কিছুক্ষণ অবস্থান করেন।
একপর্যায়ে ওই ব্যক্তি জানান, শিশুটির মা লঞ্চে উঠবেন। এ কথা বলে তিনি লঞ্চ থেকে নেমে যান এবং পাশের যাত্রীদের কাছে শিশুটির দিকে খেয়াল রাখার অনুরোধ করেন। কিন্তু লঞ্চটি ঘাট ছাড়ার পরও তিনি কিংবা শিশুটির কোনো স্বজন আর ফিরে আসেননি।
কিছু সময় পর শিশুটি কান্না শুরু করলে বিষয়টি যাত্রীদের নজরে আসে। পরে তারা লঞ্চ কর্তৃপক্ষকে জানালে শিশুটিকে কয়েকজন নারী যাত্রীর তত্ত্বাবধানে নিরাপদে রাখা হয়।
লঞ্চের এক যাত্রী মো. সোহেল বলেন, “ওই ব্যক্তি শিশুটিকে রেখে ‘মা আসছে’ বলে নেমে যান। এরপর আর তাকে দেখা যায়নি।”
লঞ্চের সুপারভাইজার মো. সজল জানান, কী কারণে শিশুটিকে ফেলে যাওয়া হয়েছে তা এখনো জানা যায়নি। তবে শিশুটি বর্তমানে নিরাপদে রয়েছে এবং তার পরিবারের সন্ধানে চেষ্টা চলছে।
এদিকে কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ি-এর ইনচার্জ মো. আল মামুন বলেন, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নজরে এসেছে এবং ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।