


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জনসহ প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শাবিপ্রবির শিক্ষার্থীরা। জাতীয় সংসদ নির্বাচনের আগেই শাকসু নির্বাচনের ভোটগ্রহণ নিশ্চিত করার এক দফা দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন।
শনিবার দুপুরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। পাশাপাশি দাবি বাস্তবায়নে প্রয়োজনে আরও কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা।
দীর্ঘ ২৮ বছর পর শাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘোষিত তফসিল অনুযায়ী গত ২০ জানুয়ারি কেন্দ্রীয় ছাত্রসংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে তিন শিক্ষার্থীর করা রিটের পরিপ্রেক্ষিতে আদালত নির্বাচনের ওপর স্থগিতাদেশ দেন, ফলে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ সম্ভব হয়নি।
রিটকারী তিন শিক্ষার্থীর মধ্যে দুজনই শাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন। এর আগে বর্তমান পরিস্থিতি সুষ্ঠু নির্বাচনের অনুকূলে নয়—এমন অভিযোগ তুলে শাকসু নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা আটজন শিক্ষক পদত্যাগ করেন, যা নির্বাচন প্রক্রিয়াকে আরও অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়।
এদিকে শাকসু নির্বাচন আয়োজনের পক্ষে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করা হলেও এখনো শুনানির তারিখ নির্ধারিত হয়নি। ফলে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কাটেনি, আর সেই অনিশ্চয়তার মধ্যেই আন্দোলন জোরালো করে তুলছেন শিক্ষার্থীরা।