Date: May 11, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / সংখ্যালঘুদের নিরাপত্তায় কঠোর অবস্থান, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা ধর্মমন্ত্রীর - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে স...

সংখ্যালঘুদের নিরাপত্তায় কঠোর অবস্থান, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা ধর্মমন্ত্রীর

May 11, 2026 03:19:09 PM   দেশেরপত্র ডেস্ক
সংখ্যালঘুদের নিরাপত্তায় কঠোর অবস্থান, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা ধর্মমন্ত্রীর

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থান জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি স্পষ্ট করে বলেছেন, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়তেও প্রস্তুত, তবুও দেশের কোনো সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর নির্যাতন বা সহিংসতা সহ্য করা হবে না। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সোমবার (১১ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন।

তিনি বলেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর অত্যাচার-নির্যাতন হতে দেওয়া হবে না। প্রয়োজনে তিনি নিজের মন্ত্রিত্বও ছেড়ে দেবেন, কিন্তু এ বিষয়ে কোনো আপস করবেন না। তার ভাষায়, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা তার নৈতিক ও রাষ্ট্রীয় দায়িত্ব।

তিনি আরও বলেন, ভারতে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অজুহাতে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কোনো ধরনের নির্যাতন বা সহিংসতা গ্রহণযোগ্য নয়। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে বলেও তিনি জানান।

এ সময় হজ ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন ধর্মমন্ত্রী। তিনি জানান, এবার হজের খরচ কিছুটা কমানো হয়েছে এবং আগামী মৌসুমে আরও কমানোর পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর উদ্যোগে হজ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন এসেছে বলেও তিনি দাবি করেন।

তিনি বলেন, সরকার অনেক উন্নয়নমূলক কাজ করছে, যা অনেকেই সহ্য করতে পারছে না। এসব ভালো উদ্যোগকে বাধাগ্রস্ত করতে একটি মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি।

ধর্মমন্ত্রী আরও মন্তব্য করেন, দেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা চলছে এবং সরকারকে বিপাকে ফেলতে বিরোধী মহল বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এছাড়া তিনি ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন, অপপ্রচার রোধ এবং ভালো মানুষদের সুরক্ষার জন্য এই আইন থাকা জরুরি। সরকার স্বচ্ছতায় বিশ্বাসী বলেই এমন আইন কার্যকর থাকা দরকার বলে তিনি মন্তব্য করেন।