Date: May 10, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / সমাবেশে বক্তৃতার সময় কুষ্টিয়ার জেলা জামায়াতের আমিরের মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সমাবেশে বক্তৃতার সময় কুষ্টিয়ার জেলা জামায়াতের আমিরের মৃত্যু

January 19, 2026 06:37:24 PM   অনলাইন ডেস্ক
সমাবেশে বক্তৃতার সময় কুষ্টিয়ার জেলা জামায়াতের আমিরের মৃত্যু

কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মারা গেলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম। সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এই দুর্ঘটনা ঘটে। সমাবেশ চলাকালীন বক্তৃতা দিচ্ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম। বক্তব্যের একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন এবং লুটিয়ে পড়েন।

উপস্থিত নেতাকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ডা. মান্নান হার্ট অ্যান্ড জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক আব্দুল মোমিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে আসার আগেই মাওলানা হাশেমের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনই বলা সম্ভব নয়।

মাওলানা আবুল হাশেম পোড়াদহ ডিগ্রি কলেজের শিক্ষক ছিলেন। ঘটনার পর বিক্ষোভ সমাবেশটি স্থগিত ঘোষণা করা হয়। কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক জানিয়েছেন, বিকেল সাড়ে ৩টার দিকে পৌরসভা চত্বর থেকে সদর উপজেলা জামায়াতের উদ্যোগে মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একতারা মোড় এলাকায় গিয়ে শেষ হয়, যেখানে সমাপনী বক্তৃতার সময় এই করুণ ঘটনা ঘটে।

এ ঘটনায় জেলা জামায়াতসহ স্থানীয় নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।