


প্রায় দুই হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচারের অভিযোগে সাবেক হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম ও তার স্বামীর নথিপত্র সংগ্রহে বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।সোমবার (২৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম।
জানা যায়, আওয়ামী লীগ শাসনামলে ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাঈদা মুনা তাসনিম। তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে গত বছরের জুনে অনুসন্ধান শুরু করে দুদক।
অভিযোগে বলা হয়েছে, তার স্বামী তৌহিদুল ইসলাম চৌধুরী—যিনি জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড-এর চেয়ারম্যান—তার সঙ্গে যোগসাজশে ১২টি বাণিজ্যিক ও ভুয়া কোম্পানির নামে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে বিপুল অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন।
এ সংক্রান্ত তথ্য সংগ্রহে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)সহ বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে দুদক। তলব করা হলেও অভিযুক্তরা এখনো হাজির হননি বলে জানা গেছে।
এদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশন-এর সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজ-এর বিরুদ্ধেও গাবতলী হাট ইজারা ও ই-রিকশা প্রকল্পসহ নানা অনিয়মের নথি সংগ্রহ করে যাচাই-বাছাই করছে দুদক।
এরই মধ্যে দুদকের আবেদনের পর আদালত এজাজের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে।