


ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ঘরের তালা কেটে ৩৫ লাখ টাকা চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ২১ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তাররা পেশাদার চোর ও ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার দুইজন হলেন উপজেলার বিরাশি মধ্যপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সৌরভ মিয়া (৩০) এবং একই এলাকার আবুল কালাম ওরফে কালু মিয়ার ছেলে জনি (২৫)।
বুধবার (১৩ মে) বিকেলে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে তাদের আদালতে পাঠায় মুক্তাগাছা থানা পুলিশ। এর আগে সকাল ৭টার দিকে ঢাকার শাহজাহানপুর এলাকার রেলওয়ে কলোনিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে আগেও চুরি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে চুরির সঙ্গে জড়িত।
পুলিশ সূত্রে জানা গেছে, মুক্তাগাছা উপজেলার বিরাশি এলাকার ব্যবসায়ী আশরাফুল আলম জমি কেনার উদ্দেশ্যে ব্যবসার ৩৫ লাখ টাকা বাড়িতে সংরক্ষণ করে রেখেছিলেন। তার বাবা হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করায় বাড়িতে তার মা হাসিনা বেগম একাই থাকতেন।
গত ১ এপ্রিল সন্ধ্যায় হাসিনা বেগম প্রতিবেশীর বাড়িতে গেলে দুর্বৃত্তরা ঘরের তালা কেটে শয়নকক্ষের স্টিলের ট্রাংক ভেঙে নগদ ৩৫ লাখ টাকা চুরি করে নিয়ে যায়। পরে এ ঘটনায় আশরাফুল আলম বাদী হয়ে মুক্তাগাছা থানায় মামলা দায়ের করেন।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুইজন চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি ভাড়া বাসা থেকে ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ময়মনসিংহ কোতোয়ালি থানার চর কুষ্টিয়া এলাকায় সৌরভের খালার গোয়ালঘরের মাচার নিচ থেকে আরও ৩ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।
তিনি আরও জানান, চুরি হওয়া বাকি টাকার সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।