


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন, যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
জানা গেছে, বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন। এর ফলে মামলাটির আইনি প্রক্রিয়ার মধ্যেই আপাতত কারামুক্তির সুযোগ পাচ্ছেন ইমি।
ঘটনার সূত্রপাত ঘটে চলতি বছরের ৭ মার্চ রাতে। ওই দিন রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে ৭ মার্চের ভাষণ বাজানোর কর্মসূচি ঘোষণা করেন শেখ তাসনিম আফরোজ ইমি ও তার সহযাত্রীরা। রিকশায় মাইক লাগিয়ে ভাষণ প্রচারের সময় সেখানে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী এতে বাধা দেন।
এ সময় ডাকসুর সাবেক নেতা এ বি জুবায়ের, মুসাদ্দিককে আলী ইবনে মোহাম্মদ এবং জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক তাহমিদ আল মোদাসসিরসহ একটি দল ঘটনাস্থলে হস্তক্ষেপ করে। এক পর্যায়ে শেখ তাসনিম আফরোজ ইমি ও আরেকজনকে রিকশাসহ শাহবাগ থানার ভেতরে নিয়ে যাওয়া হয়।
পরে পুলিশ তাদের আটক করে। পরদিন ৮ মার্চ শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। মামলাটিতে পুলিশই বাদী হিসেবে দায়িত্ব পালন করে।
এই ঘটনাকে কেন্দ্র করে আইনি ও রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়েছে। হাইকোর্টের জামিনের এই আদেশের পর মামলার পরবর্তী ধাপ কী হয়, সেদিকেই এখন সবার নজর।