


ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস নিজের ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘ নীরবতা ভেঙে বিয়ের সিদ্ধান্ত প্রসঙ্গে খোলামেলা মন্তব্য করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, অল্প বয়সে আবেগের বশে নেওয়া বিয়ের সিদ্ধান্তকে এখন তিনি ভুল হিসেবে দেখেন। তাঁর এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে শোবিজ অঙ্গনে।
এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস নিজের অতীত জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে কথা বলেন এবং স্পষ্টভাবে জানান, পরিণত না হয়ে বিয়ে করা উচিত নয়। তাঁর মতে, জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে মানসিক পরিপক্বতা জরুরি।
তিনি বলেন, অল্প বয়সে আবেগের কারণে নেওয়া সিদ্ধান্ত এখন তাঁর কাছে ভুল বলেই মনে হয়। তাঁর ভাষায়, “ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।” এই মন্তব্য ঘিরে ভক্ত ও নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
অপু বিশ্বাস আরও জানান, অতীত নিয়ে অনুশোচনা থাকলেও সেই অভিজ্ঞতা থেকেই তিনি শিখেছেন। বর্তমানে তিনি নিজেকে আগের তুলনায় অনেক বেশি পরিণত ও আত্মবিশ্বাসী মনে করেন এবং ক্যামেরার সামনে আরও পেশাদারভাবে কাজ করতে চান।
উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে চলচ্চিত্র তারকা শাকিব খানকে বিয়ে করেন অপু বিশ্বাস। প্রায় নয় বছর এই বিয়ে গোপন থাকার পর ২০১৭ সালে একটি টেলিভিশন অনুষ্ঠানে তিনি বিষয়টি প্রকাশ্যে আনেন। পরবর্তীতে দীর্ঘ টানাপড়েনের পর ২০১৮ সালের ১২ মার্চ তাদের আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।
এই দম্পতির একমাত্র সন্তান আব্রাহাম খান জয় বর্তমানে মায়ের সঙ্গেই থাকে। তবে বিশেষ দিন বা ছুটির সময় বাবার সঙ্গে ও দাদা-দাদির পরিবারের সঙ্গে সময় কাটায় সে।
অপু বিশ্বাসের সাম্প্রতিক এই মন্তব্য তার ব্যক্তিগত জীবনকে ঘিরে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।