


মাগুরা-২ আসনে নির্বাচনী হাওয়ায় যোগ দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন প্রত্যাশী এই তরুণ নেতা ইতিমধ্যে এলাকায় জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন।
শনিবার (৮ নভেম্বর) তিনি শালিখা উপজেলার বুনোগাতি, আড়পাড়া, গঙ্গারামপুর, পুলুম, নহাটা ও মাগুরা সদর উপজেলার বেরইল পলিতাসহ অন্তত ১৫টি এলাকায় প্রচারণা চালান। স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়, লিফলেট বিতরণ ও এনসিপির প্রতীক শাপলা কলির পক্ষে ভোট চেয়ে প্রচার চালান তিনি।
যদিও এনসিপি এখনো মাগুরায় জেলা কমিটি গঠন করতে পারেনি, তবুও মোয়াজ্জেম হোসেন একদল তরুণ কর্মীকে সঙ্গে নিয়ে নিজের প্রচার শুরু করেছেন। নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে পরিচয় দিয়ে তিনি জানান, মাগুরার উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় তরুণ নেতৃত্বের প্রয়োজন রয়েছে।
মোয়াজ্জেম দাবি করেন, গত এক বছরে তিনি মাগুরা-২ নির্বাচনী এলাকায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দ এনে দিয়েছেন, যার অনেক কাজ ইতিমধ্যে চলমান। তার ভাষায়, “তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে আমাকে সুযোগ দিলে এলাকার সার্বিক উন্নয়ন ও জনসেবায় অবদান রাখতে পারব।”
তবে এর আগেও তিনি বিতর্কের মুখে পড়েছিলেন। গণমাধ্যমে তদবির বাণিজ্যের অভিযোগে একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হয়। সেই আলোচনার পরই তাকে এপিএস পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
সবশেষে, সেই আলোচনাকে পেছনে ফেলে এখন তিনি নতুন রাজনৈতিক অভিযানে মাঠে নেমেছেন—নাগরিক পার্টির শাপলা কলি প্রতীকে জনসমর্থন গড়ে তোলার লক্ষ্যে।