Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / কুমিল্লায় ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ মাদক নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান গ্রেপ্তার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত...

কুমিল্লায় ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ মাদক নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান গ্রেপ্তার

April 03, 2026 08:21:37 PM   জেলা প্রতিনিধি
কুমিল্লায় ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ মাদক নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান গ্রেপ্তার

কুমিল্লায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে আগ্নেয়াস্ত্রসহ একটি মাদক নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান ও এক কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে।

কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের সময়োপযোগী দিকনির্দেশনায় শুক্রবার (৩ এপ্রিল) ভোর আনুমানিক ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানাধীন ঘোড়ামারা কৃষ্ণনগর এলাকার ‘যত্নের মায়া মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র’-এ এ বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি চৌকস দল।

অভিযানকালে ওই কেন্দ্রের ভবনের ছাদে থাকা একটি ইলেকট্রিক বক্সের ভেতর অত্যন্ত সুকৌশলে লুকানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন এবং ৮ রাউন্ড তাজা বুলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন ‘যত্নের মায়া মাদকাসক্ত নিরাময় কেন্দ্র’-এর চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম ভূঁইয়া ওরফে সানি (৪২) এবং ওই কেন্দ্রের কর্মচারী আশরাফুল ইসলাম আকাশ (৩২)। মো. শরিফুল ইসলাম ভূঁইয়া কুসিকের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব রেইসকোর্স এলাকার মৃত গোলাম মোস্তফা ভূঁইয়ার ছেলে এবং আশরাফুল ইসলাম আকাশ কুসিকের ১৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চর্থা এলাকার মৃত হিরন মিয়ার ছেলে।

কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কুমিল্লাকে অপরাধমুক্ত রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মাদক, অস্ত্র ও চোরাচালানের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং এই অস্ত্রের উৎস ও কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।