Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / কুড়িগ্রাম-এ ভালো কাজের বিনিময়ে ফ্রিতে ইফতার, ব্যতিক্রমী উদ্যোগে হাসি ছিন্নমূলদের মুখে - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণ...

কুড়িগ্রাম-এ ভালো কাজের বিনিময়ে ফ্রিতে ইফতার, ব্যতিক্রমী উদ্যোগে হাসি ছিন্নমূলদের মুখে

February 27, 2026 08:57:42 PM   অনলাইন ডেস্ক
কুড়িগ্রাম-এ ভালো কাজের বিনিময়ে ফ্রিতে ইফতার, ব্যতিক্রমী উদ্যোগে হাসি ছিন্নমূলদের মুখে

পবিত্র রমজান মাসে ব্যতিক্রমধর্মী এক মানবিক উদ্যোগ নজর কেড়েছে চিলমারী উপজেলা-তে। দিনে একটি ভালো কাজ করলেই মিলছে বিনামূল্যে ইফতার ও রাতের খাবার। এ উদ্যোগের ফলে একদিকে যেমন অসহায় ও ছিন্নমূল মানুষের খাদ্যনিরাপত্তা কিছুটা নিশ্চিত হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে ভালো কাজ করার মানসিকতাও তৈরি হচ্ছে।


সরেজমিনে রমনা রেলওয়ে স্টেশন এলাকায় গিয়ে দেখা যায়, প্রতিদিন শত শত নারী-পুরুষ ও শিশুর সমাগম ঘটছে ইফতার সংগ্রহের জন্য। রাজধানীভিত্তিক সংগঠন ‘ভালো কাজের হোটেল’ এখানে প্রায় ৫ থেকে ৬ শতাধিক মানুষের জন্য ইফতারের আয়োজন করছে। মেন্যুতে থাকছে বিরিয়ানি, মুরগির রোস্ট, খেজুর ও শরবত।


সংগঠনের সিনিয়র স্বেচ্ছাসেবক নুর আলম রাঙা জানান, দিনে অন্তত একটি ভালো কাজ করলেই অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে এই খাবার। কেউ অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দিচ্ছেন, কেউ বৃদ্ধকে গোসল করিয়ে ঘরে পৌঁছে দিচ্ছেন—এমন নানা ছোট ছোট মানবিক কাজের স্বীকৃতি হিসেবেই দেওয়া হচ্ছে ইফতার।


জানা যায়, ‘ভালো কাজের হোটেল’ হলো Youth for Bangladesh-এর একটি শাখা সংগঠন। সংগঠনটিতে বর্তমানে ৪ হাজার ১শ’ সদস্য রয়েছেন, যারা প্রতিদিন ১০ টাকা করে অনুদান দেন। সেই অর্থায়নেই কুড়িগ্রামসহ দেশের চারটি স্থানে কার্যক্রম পরিচালিত হচ্ছে। ২০১৯ সাল থেকে বিভিন্ন উদ্দীপনামূলক কর্মসূচির মাধ্যমে সংগঠনটি মানবিক সহায়তা দিয়ে আসছে।


ইফতার নিতে আসা রমনা রেলওয়ে বস্তির নসিমন বেওয়া বলেন, তাদের ঘরে অনেক সময় খাবার থাকে না। তাই এই উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা। তিনি জানান, এক আহত নারীকে হাসপাতালে নিয়ে যাওয়া এবং তার সেবাযত্ন করাও ছিল তার দিনের ভালো কাজ। একইভাবে রমনা ব্যাপারী পাড়ার ছালমা বেগম জানান, এক অসহায় বৃদ্ধকে গোসল করিয়ে ঘরে পৌঁছে দেওয়ার পর তিনি ইফতার সংগ্রহ করতে এসেছেন।


স্থানীয় যুবক সাব্বির এই উদ্যোগকে মহৎ ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তার মতে, দুর্যোগপ্রবণ ও পিছিয়ে পড়া কুড়িগ্রামের হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে ‘ভালো কাজের হোটেল’ এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।


সংগঠনের আরেক স্বেচ্ছাসেবক লিমন জানান, সদস্যদের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতায় বর্তমানে কুড়িগ্রাম ছাড়াও ঢাকা, চট্টগ্রাম ও মাদারীপুরে এই কার্যক্রম চলমান রয়েছে। পুরো রমজান মাসজুড়ে প্রতিদিনই এভাবে ভালো কাজের স্বীকৃতি হিসেবে ইফতার বিতরণ করা হবে।


ভালো কাজকে উৎসাহিত করা এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটানো—দুই লক্ষ্যকে একসঙ্গে বাস্তবায়ন করছে এই উদ্যোগ। স্থানীয় নিম্নআয়ের মানুষের প্রত্যাশা, এমন মানবিক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।