Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে র‍্যাব ও সেনাবাহিনীর অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুরে র‍্যাব ও সেনাবাহিনীর অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

January 10, 2026 04:28:14 PM   অনলাইন ডেস্ক
গাজীপুরে র‍্যাব ও সেনাবাহিনীর অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরের শ্রীপুরে র‍্যাব-১ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে আকাশ মিয়া (২৭) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।

শুক্রবার (৯ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খণ্ড এলাকার কামারপট্টিতে একটি ভাঙারি দোকানে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার আকাশ মিয়া ওই এলাকার আব্দুল করিমের ছেলে।

র‍্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. নাফিজ বিন জামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কেওয়া পশ্চিম খণ্ড এলাকায় একদল দুষ্কৃতকারী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১ ও সেনাবাহিনীর একটি যৌথ দল সেখানে অভিযান চালায়।

অভিযানকালে আকাশ মিয়ার ভাঙারি দোকানে তল্লাশি চালিয়ে একটি ড্রামের আড়াল থেকে লুকানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার মো. নাফিজ বিন জামাল আরও জানান, গ্রেপ্তারকৃত আকাশ মিয়ার বিরুদ্ধে আগের একটি হত্যা মামলা বিচারাধীন রয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাস, অস্ত্রবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে এবং দেশের নিরাপত্তা নিশ্চিতে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।