


চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের শিক্ষক-কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তরের দাবি জানানো হয়েছে। সোমবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এই মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত না থাকায় সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিন আলম স্মারকলিপিটি গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা জানান, ১৯৯৩ সালে এই শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নমূলক প্রকল্পটি চালু হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে নিরক্ষরতা দূর করা এবং নৈতিক শিক্ষার প্রসারে প্রকল্পটি বড় ভূমিকা রেখে আসছে। বর্তমানে এটি অষ্টম পর্যায়ে রয়েছে এবং সারাদেশে প্রায় ৭২ হাজার শিক্ষক-কর্মচারী এতে নিয়োজিত আছেন।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ ৩৪ বছর ধরে অত্যন্ত কম ভাতার বিনিময়ে তারা দায়িত্ব পালন করছেন। পাঠদানের পাশাপাশি তারা মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরি এবং সরকারের বিভিন্ন বার্তা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। অথচ তাদের নিজেদের জীবনই এখন চরম অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। তাদের কাজের ধরণ ও গুরুত্ব বিবেচনায় চাকরি স্থায়ী করা এখন সময়ের দাবি বলে তারা উল্লেখ করেন।
প্রকল্পটি দ্রুত রাজস্ব খাতে স্থানান্তর এবং সরকারি গ্রেড অনুযায়ী বেতন-ভাতা প্রদানের জন্য তারা সরকারের প্রতি জোর আহ্বান জানান। মানববন্ধনে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের উপজেলা সভাপতি সানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। শেষে তারা একটি মিছিল নিয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করেন।