Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / চট্টগ্রামে সাংবাদিক সাঈদুর রহমান রিমনের স্মরণসভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

চট্টগ্রামে সাংবাদিক সাঈদুর রহমান রিমনের স্মরণসভা

August 25, 2025 04:53:45 PM   অনলাইন ডেস্ক
চট্টগ্রামে সাংবাদিক সাঈদুর রহমান রিমনের স্মরণসভা

প্রয়াত অনুসন্ধানী সাংবাদিক সাঈদুর রহমান রিমনকে "সাংবাদিক জগতের নক্ষত্র" এবং নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য "অনুপ্রেরণা ও আদর্শ" হিসেবে অভিহিত করেছেন সাংবাদিক নেতারা। তাঁরা বলেছেন, সাঈদুর রহমান রিমন ছিলেন অন্যায়ের বিরুদ্ধে এক আপসহীন ও নির্ভীক কণ্ঠস্বর, যিনি কোনো কঠিন ক্ষমতার কাছে কখনো মাথা নত করেননি।

রবিবার (২৪ আগস্ট) বিকেলে চট্টগ্রামের চেরাগী পাহাড় এলাকার চট্টগ্রাম একাডেমিতে প্রয়াত এই সাংবাদিকের স্মরণে এক শোকসভার আয়োজন করে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)।

সংগঠনের সভাপতি সোহাগ আরেফিনের সভাপতিত্বে এবং সহ-আপ্যায়ন সম্পাদক শাফায়েত মোরশেদের সঞ্চালনায় সভায় বক্তারা রিমনের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সাংবাদিক জহিরুল ইসলাম।

শোকসভায় বক্তারা বলেন, "একজন সংবাদ সৈনিক হিসেবে সাঈদুর রহমান রিমন ছিলেন ন্যায়ের পথে অবিচল। সত্য প্রকাশ করতে গিয়ে তিনি জীবনে বহুবার মামলা ও প্রশাসনিক বাধার সম্মুখীন হয়েছেন, কিন্তু তাঁর কলম কখনো থেমে থাকেনি। প্রতিটি আইনি লড়াইয়ে তিনি নিজের সততা ও পেশাদারিত্ব প্রমাণ করেছেন।"

স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য বীর মুক্তিযোদ্ধা মাঈনুদ্দিন কাদের শওকত, বাংলাদেশ রেলওয়ের সাবেক প্রধান প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার এইচ কে নাথ, দৈনিক কালের কণ্ঠের জ্যেষ্ঠ সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, লেখক ও প্রাবন্ধিক খন রঞ্জন রায়, দৈনিক পূর্ব বাংলার সম্পাদক এম আলী হোসেন, মাই টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান আলহাজ্ব মো. নুরুল কবির, সিআরএ'র সাধারণ সম্পাদক এন এ খোকনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

সভায় আরও উপস্থিত ছিলেন সিআরএ'র জ্যেষ্ঠ সহ-সভাপতি আজিজুর রহমান আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাজু, সাংগঠনিক সম্পাদক মো. রুবেলসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, সাঈদুর রহমান রিমন দৈনিক বাংলা ভূমি পত্রিকার প্রধান সম্পাদক, বাংলাদেশ প্রতিদিনের সাবেক জ্যেষ্ঠ অনুসন্ধানী প্রতিবেদক এবং বাংলানিউজটোয়েন্টিফোর.কমের খ্যাতিমান সাংবাদিক ছিলেন। এছাড়াও তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সক্রিয় সদস্য ছিলেন।

চলতি বছরের ৩০ জুলাই গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্ট্রোক করে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। সভা শেষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।