Date: May 12, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / জমি নিয়ে বিরোধে ছেলের হাতে বাবা-ভাই খুন! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জমি নিয়ে বিরোধে ছেলের হাতে বাবা-ভাই খুন!

May 12, 2026 12:56:32 PM   অনলাইন ডেস্ক
জমি নিয়ে বিরোধে ছেলের হাতে বাবা-ভাই খুন!

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছেলের হাতে বাবা ও ভাই খুন হওয়ার ঘটনা ঘটেছে। ভুট্টাক্ষেতে ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে লোহার রড দিয়ে পিটিয়ে তাদের হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত দুই ভাই ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকাল ৭টার দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মন্ডলপাড়া এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে শহিদুল ইসলাম দুলু (৭০) এবং তার ছেলে কাবিল (৩২)। কাবিল ছিলেন শহিদুল ইসলামের বড় স্ত্রীর ছেলে। অপরদিকে অভিযুক্ত সাকিব (১৮) ও সাদিকুল (৩০) তার ছোট স্ত্রীর সন্তান।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানান, দীর্ঘদিন ধরে শহিদুল ইসলামের দুই স্ত্রীর সন্তানদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি ধান কাটার পর তিনি দুই পরিবারকে সমানভাবে জমির ফসল ভাগ করে দেন। তবে ভুট্টাক্ষেতের ফসল নিয়েও সমান ভাগ দাবি করে আসছিলেন ছোট স্ত্রীর দুই ছেলে সাকিব ও সাদিকুল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে ভুট্টাক্ষেতে এ বিষয় নিয়ে বাবা শহিদুল ইসলাম ও ছেলে কাবিলের সঙ্গে সাকিব ও সাদিকুলের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে তারা লোহার রড দিয়ে বাবা ও ভাইয়ের ওপর হামলা চালায়।

এতে ঘটনাস্থলেই শহিদুল ইসলাম মারা যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা কাবিলকে উদ্ধার করে সৈয়দপুরের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই অভিযুক্ত দুই ভাই পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রড উদ্ধার করে।

ওসি মাহমুদুন নবী বলেন, “ঘটনার পর থেকে অভিযুক্ত দুই ভাই পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”