


নোয়াখালীর সুবর্ণচরে এক পুকুরে ধরা পড়েছে প্রায় ২৬ কেজি ওজনের দুটি বিশাল কোরাল মাছ, যা এলাকায় সৃষ্টি করেছে ব্যাপক চাঞ্চল্য। বিরল এ ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আগ্রহ ছড়িয়ে পড়েছে।
সোমবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে হাফেজ নূর আলমের বাড়ির পুকুরে মাছ দুটি ধরা পড়ে। জানা গেছে, পুকুরটিতে অন্যান্য মাছের সঙ্গে দীর্ঘদিন ধরেই কোরাল মাছ দুটি বড় হচ্ছিল, তবে তাদের এমন বিশাল আকার সম্পর্কে কেউ ধারণা করতে পারেননি।
নিয়মিত জাল তোলার সময় হঠাৎ করেই বড় আকারের এই মাছ দুটি ধরা পড়লে উপস্থিত সবাই বিস্ময়ে হতবাক হয়ে যান। স্থানীয়দের অনেকেই ঘটনাস্থলে ভিড় জমিয়ে মাছ দুটি এক নজর দেখতে ছুটে আসেন।
স্থানীয় বাসিন্দা শরিফ উদ্দিন শিশির জানান, পুকুরে এত বড় কোরাল মাছ পাওয়া সত্যিই বিরল ঘটনা। নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন—এমন মন্তব্যও করেন তিনি।
পুকুরের মালিক ইমরান হোসাইন রাফিদ বলেন, তারা নিয়মিত মাছ চাষ করলেও এত বড় কোরাল মাছ রয়েছে, তা আগে বুঝতে পারেননি। হঠাৎ জালে উঠে আসায় তিনি নিজেও অবাক হয়েছেন। সামনে ঈদুল ফিতরকে সামনে রেখে পরিবারের সদস্য ও অতিথিদের সঙ্গে এই মাছ রান্না করে খাওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফয়েজুর রহমান বলেন, উপকূলীয় অঞ্চলে বর্তমানে পুকুর ও ঘেরে কোরাল মাছ চাষের প্রবণতা বাড়ছে। অনেক চাষি কার্পজাতীয় মাছের পাশাপাশি কোরাল চাষ করে ভালো লাভ পাচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।
পুকুরে এত বড় আকৃতির কোরাল মাছ ধরা পড়া একদিকে যেমন বিরল ঘটনা, তেমনি এটি স্থানীয়দের জন্য হয়ে উঠেছে বিস্ময় ও আলোচনার কেন্দ্রবিন্দু।