


ফেনী প্রতিনিধি:
জুলাই যোদ্ধাদের বীরত্ব ও আত্মত্যাগকে স্মরণ করতে ফেনীতে এক ব্যতিক্রমী প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। ফেনী জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এই বর্ণাঢ্য আয়োজন শুরু হয়।
ম্যারাথনটি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে একটি মিলনমেলায় পরিণত হয়। এতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও ফেনী পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাইল হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন, জেলা জামায়াতের আমীর মুফতি আব্দুল হান্নান, ফেনী ওয়াকিং গ্রুপের মুসলিম উদ্দিন এবং বীর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের জেলা সাধারণ সম্পাদক মো. ইদ্রিস আলী।
বিশেষভাবে আমন্ত্রিত ৩৬ জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের পাশাপাশি জেলা ক্রীড়া সংস্থা এবং যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তারাও এতে অংশ নেন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাইল হোসেন বলেন, "৩৬ জুলাই যোদ্ধাদের স্মরণে আয়োজিত এই প্রতীকী ম্যারাথন সকলের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠেছে। এই আয়োজন তাদের ত্যাগের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।"
পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন আয়োজনটির তাৎপর্য তুলে ধরে বলেন, "জুলাই যোদ্ধারা আমাদের গর্ব ও প্রেরণার উৎস। তাদের স্মরণীয় করে রাখতে মাননীয় জেলা প্রশাসকের এই উদ্যোগ প্রশংসার যোগ্য। বিশেষ করে, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতি আয়োজনটিতে এক ভিন্ন মাত্রা যোগ করেছে, যা আমাদের ঐক্যের প্রতীক।"
দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে এমন একটি আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এটিকে একটি অনন্য রূপ দিয়েছে, যা সর্বমহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।