


প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে টাঙ্গাইলে জেলা হেযবুত তওহীদ ব্যবসায়ী ফোরামের উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে সদর উপজেলার বিসিক তারুটিয়া এলাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশিষ্ট আলেমে দীন আব্দুল মজিদের পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে সভাপতিত্ব করেন টাঙ্গাইল সদর উপজেলা হেযবুত তওহীদের সভাপতি হাবিবুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন মামুন পারভেজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান। পবিত্র রমজানের তাৎপর্য ও সাওমের প্রকৃত শিক্ষা তুলে ধরে তিনি তাঁর বক্তব্যে বলেন, "শুধু পানাহার থেকে বিরত থাকার নাম সাওম বা রোজা নয়; বরং সাওম হচ্ছে মুমিনের আত্মশুদ্ধি ও আত্মসংযমের কঠোর সাধনা।"
বিশ্ব মুসলিম পরিস্থিতির কথা উল্লেখ করে প্রধান অতিথি আরও বলেন, "সারা বিশ্বে আজ মুসলমান জাতি চরমভাবে নির্যাতিত হচ্ছে ও মার খাচ্ছে। এর একমাত্র কারণ হলো, তারা আল্লাহর হুকুম বাদ দিয়ে মানুষের তৈরি মানব-রচিত জীবনব্যবস্থা গ্রহণ করেছে। মুসলমান জাতি আবারও শ্রেষ্ঠ জাতি হিসেবে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে, যদি তারা এক কালিমার ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য নিজেদের জীবন ও সম্পদ ব্যয় করে নিরলস সংগ্রাম চালায়।"
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে টাঙ্গাইল জেলা হেযবুত তওহীদের সভাপতি ডা. নাজম আল ইসলাম বলেন, "যুগে যুগে পৃথিবীতে যত বিপ্লব বা ইতিবাচক পরিবর্তন এসেছে, তার নেপথ্যে ছিল বিপ্লবীদের চারিত্রিক দৃঢ়তা ও আত্মসংযম। সাওম মানুষকে সেই অনিবার্য চারিত্রিক গুণাবলি অর্জন করতে শেখায়, যা একটি ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ গঠনের জন্য অপরিহার্য।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন তারুটিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রায়হান খান এবং সাধারণ সম্পাদক আরফান খান।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা হেযবুত তওহীদের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, টাঙ্গাইল পৌর ইউনিটের আমির আতিকুর রহমান, করটিয়া ইউনিয়ন সভাপতি সবিজ খান এবং বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান হামিদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় ব্যবসায়ীরা।
আলোচনা পর্ব শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরে মাগরিবের আজান হলে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।